সংবাদদাতা, বোলপুর : বিশ্বভারতীর এক অধ্যাপক প্রাণনাশের আশঙ্কা প্রকাশ করে বিশ্ববিদ্যালয়ের এক অধ্যাপিকা-সহ দুই অধ্যাপকের বিরুদ্ধে শান্তিনিকেতন থানায় ইমেল মারফত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগ ঘিরে বিশ্ববিদ্যালয় মহলে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
সংবাদদাতা, বোলপুর : বিশ্বভারতীর এক অধ্যাপক প্রাণনাশের আশঙ্কা প্রকাশ করে বিশ্ববিদ্যালয়ের এক অধ্যাপিকা-সহ দুই অধ্যাপকের বিরুদ্ধে শান্তিনিকেতন থানায় ইমেল মারফত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগ ঘিরে বিশ্ববিদ্যালয় মহলে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
অভিযোগকারী অধ্যাপকের দাবি, বিশ্বভারতীর নৃতত্ত্ব বিভাগে পিএইচডি ভর্তি প্রক্রিয়ায় অনিয়মের অভিযোগ তুলে সম্প্রতি এক আবেদনকারী ছাত্রী বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন এবং বিশ্বভারতী কর্তৃপক্ষের কাছে ইমেল পাঠিয়েছিলেন। সেই ঘটনার পর ভর্তি প্রক্রিয়ায় অনিয়ম ও দুর্নীতির অভিযোগ নিয়ে তিনিও প্রকাশ্যে সরব হন ও বিষয়টি নিয়ে একাধিকবার বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন।
অধ্যাপকের অভিযোগ, ওই ঘটনার জেরে তাঁর এবং তাঁর পরিবারের নিরাপত্তা নিয়ে আশঙ্কা তৈরি হয়েছে। তাঁর দাবি, তাঁকে বা তাঁর পরিবারের সদস্যদের শারীরিকভাবে হেনস্থা করা কিংবা ক্ষতির চেষ্টা হতে পারে বলে তিনি মনে করছেন। সেই কারণেই তিনি শান্তিনিকেতন থানায় ইমেল মারফত লিখিত অভিযোগ দায়ের করেছেন।অভিযোগকারী অধ্যাপক বলেন, ভবনে দুর্নীতিতে সক্রিয় সম্পৃক্ততার বিষয়টি আমি বারবার বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে জানিয়েছি। কিন্তু কোনও পদক্ষেপ করা হয়নি। তাই আমার বা আমার পরিবারের উপর শারীরিক আক্রমণ কিংবা হেনস্তার আশঙ্কা থেকে এই অভিযোগ জানিয়েছি। যাঁদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে, তাঁদের বক্তব্য জানার জন্য যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁদের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। এ বিষয়ে পুলিশের এক আধিকারিক জানান, সম্প্রতি ইমেল মারফত একটি অভিযোগ পেয়েছি। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।