কার্তিক লড়াই ঘিরে শোভাযাত্রা, বেলডাঙা যেন অন্য দেব-দেবীর ‘দখলে’
  • ১৯ নভেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, বহরমপুর: বেলডাঙার ছুতোরপাড়া থেকে বাথানপাড়া। লোকারণ্য রাস্তার দু’ধার। কার্তিক লড়াইয়ে এই উৎসবের মেজাজ দুর্গাপুজোর উন্মাদনাকেও হার মানাবে। 

Advertisement

শিবের মূর্তির নাম ‘সিক্স প্যাক ভৈরব’, বিশ্বকর্মা প্রতিমার নাম ‘পারলে আটকে নে’। এছাড়া ‘ভয়ঙ্করী বড়োমা’, ‘বুড়ো শিব’—এমনই নানা আকর্ষণীয় নামে বিশাল প্রতিমা দেখতে বেলডাঙার কার্তিক লড়াইয়ে প্রতি বছর উপচে পড়ে ভিড়। কার্তিক লড়াইয়ের শোভাযাত্রায় কেবল কার্তিকই থাকে না, বেলডাঙা শহরের রাস্তা ও অলিগলি ভৈরব, লক্ষ্মী, সরস্বতী, কার্তিক, ভারতমাতা, মা কালী, চৈতন্যদেব, বজরংবলী, বিশ্বকর্মা সহ নানা দেবদেবীর দখলে চলে যায়। বিপুল মানুষের সমাগম হলেও শান্তিপূর্ণভাবেই সম্পন্ন হয় এই ঐতিহ্যবাহী কার্তিক লড়াইয়ের শোভাযাত্রা।  কালীপুজো মিটতেই কার্তিক মাসের সংক্রান্তিতে ধুমধাম করে বেলডাঙার প্রত্যেক পাড়ায় বিভিন্ন দেব,দেবীর পুজো হয়। তার পরদিন থেকেই শুরু হয় ভাসানের জোর প্রস্তুতি। শহর ঘুরে প্রতিটি প্রতিমা শোভাযাত্রা করে এবং স্থানীয় জলাশয়ে বা বিসর্জনের ঘাটে প্রতিমা বিসর্জন দেওয়া হয়। রাত অবধি চলে এই বিসর্জনের পালা, আর কার্তিক লড়াইয়ের জৌলুস দেখতে ভিড় জমান গোটা জেলার এমনকি  রাজ্যের  মানুষ। 
বুধবার দুপুর থেকেই বেলডাঙা শহরে দু’শোর বেশি প্রতিমা রাস্তায় নামে। শান্তিপূর্ণভাবে এই শোভাযাত্রা সম্পন্ন করতে এলাকায় বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছিল। জেলা পুলিশের এক আধিকারিক জানান, নির্বিঘ্নে কার্তিক লড়াই সম্পন্ন করতে থানার পুলিশ ছাড়াও অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছিল এবং অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে রাস্তা থেকে বিসর্জনের ঘাট—সব জায়গাতেই ছিল কড়া পুলিশি পাহারা।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, উনিশ শতকের শেষভাগ থেকে বিংশ শতকের প্রথম ভাগে বেলডাঙায় হাতি কার্তিক দিয়েই কার্তিক পুজো শুরু হয়। ছুতোর পাড়ার এই কার্তিক ময়ূরে নয়, হাতির পিঠে অধিষ্ঠিত। এরপর একে একে বাবু কার্তিক, হোড় বংশীয়দের রাজ কার্তিকের পুজোর প্রচলন হয়। কাটোয়ার আদলে বেলডাঙার কার্তিক লড়াই শতাব্দী প্রাচীন বলেই দাবি স্থানীয়দের। শোভাযাত্রায় কোন প্রতিমা সেরা, তা দেখতে রাস্তার দু’ধারে মানুষের ঢল নামে।