সংবাদদাতা, মালদহ: আরও একধাপ এগল মালদহ বিমানবন্দর থেকে নিয়মিত বিমান পরিষেবা চালু করার প্রক্রিয়া। বুধবার বিমানবন্দর চত্বর এবং এখানকার পরিকাঠামো পরিদর্শন করে এমনই আশার কথা শুনিয়েছেন ইংলিশবাজারের বিধায়ক অম্লান ভাদুড়ি। এদিন পরিদর্শনের সময় তাঁর সঙ্গে যান জেলা প্রশাসন, রাজ্য পরিবহণ এবং ভূমি ও ভূমি রাজস্ব দপ্তরের আধিকারিকরা। পরিদর্শনের পর বিমানবন্দরে দাঁড়িয়েই বর্তমান অবস্থা এবং সমস্যা নিয়ে বেশ কিছুক্ষণ বৈঠক করেন বিধায়ক এবং আধিকারিকরা।
রাজ্যের ক্ষমতায় পালাবদলের পরই মালদহ বিমানবন্দর নতুন করে চালু করার বিষয়টি নিয়ে আশ্বাস দেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। জেলা প্রশাসনের পক্ষ থেকেও বিষয়টি নিয়ে নাড়াচাড়া শুরু হয়। সম্প্রতি বিমানবন্দরের পরিকাঠামো উন্নয়ন নিয়ে মালদহের জেলাশাসক রাজনভীর সিং কাপুর চিঠি দিয়েছেন রাজ্য পরিবহণ দপ্তরের প্রধান সচিবকে। এদিন সেই বিষয়টিও জানা গিয়েছে জেলা প্রশাসন সূত্রে। স্থায়ী এবং শক্তিশালী প্রাচীর নির্মাণ করে বিমানবন্দর পরিসরকে আরও বেশি সুরক্ষিত করার প্রস্তাবও রয়েছে জেলাশাসকের চিঠিতে।
বেশ কয়েক দশক যাবত বিমান পরিষেবা বন্ধ রয়েছে মালদহ থেকে। ইতিমধ্যে বিমানবন্দরের চারপাশে গজিয়ে উঠেছে অনেক বহুতল ভবন। এলাকা দিয়ে গিয়েছে উচ্চ ক্ষমতা সম্পন্ন বৈদ্যুতিক তারও। নিয়মিত বিমান চলাচল চালু করার ক্ষেত্রে এগুলি কতটা সমস্যা হয়ে দাঁড়াবে তাও খতিয়ে দেখা হচ্ছে। এদিন পরিদর্শনের পর অম্লান বলেন, রাজ্য সরকার মালদহ থেকে দ্রুত বিমান পরিষেবা চালু করার ক্ষেত্রে প্রতিশ্রুতিবদ্ধ। কেন্দ্রীয় সরকারের উড়ান প্রকল্পের আওতায় এই বিমানবন্দর দ্রুত চালুর চেষ্টা চলছে। সব ঠিক থাকলে দ্রুত মালদহবাসী বিমান পরিষেবা উপহার পাবেন।