নিজস্ব প্রতিনিধি, কলকাতা: বঙ্গ বিজেপিতে পদ্ম প্রতীকে জয়ী বিধায়কদের ক্ষমতা খর্ব হল। গত ছ’মাসে একাধিক বিধায়কের দাপাদাপিতে কার্যত ত্রস্ত গেরুয়া শিবির। বাংলার মসনদ প্রথমবার দখলের পর থেকেই দলীয় জনপ্রতিনিধির একাংশকে ক্ষমতার দম্ভ গ্রাস করেছে। এলাকায় এলাকায় বিধায়কদের অনুগামীদের বিরুদ্ধে তোলাবাজি-দুর্নীতি-সিন্ডিকেট রাজ চালানোর ভূরি ভূরি অভিযোগ উঠছে। তবে পার্টিকে সবচেয়ে বেশি ‘ব্যথা’ দিচ্ছে বাংলাজুড়ে সংগঠনের নেতৃত্বের সঙ্গে বিধায়কদের একাংশের চরম বিরোধ। উদাহরণ হিসেবে রয়েছে, পানিহাটিসহ একাধিক সাংগঠনিক জেলার নাম। বহু ক্ষেত্রেই জেলা সভাপতিদের সঙ্গে বিধায়কদের ‘দূরত্ব’ ক্রমশ বাড়ছে। মতপার্থক্য অনেক জায়গায় রক্তক্ষয়ী সংঘর্ষের চেহারা নিচ্ছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী থেকে রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্যরা শুধরে যাওয়ার চরম হুঁশিয়ারি দিয়েছেন। প্রশাসন ও সংগঠনের শীর্ষ ব্যক্তিরা সংবাদমাধ্যমে কঠোর বার্তা দেওয়ার পরেও সংশোধনের বিন্দুমাত্র লক্ষণ নেই।
এই পরিস্থিতিতে ‘বিশেষ ক্ষমতা’ প্রয়োগ করে বিধায়কদের দলের সাংগঠনিক বিষয়ে নাক গলানো বন্ধ হতে চলেছে। রাজ্য বিজেপির শীর্ষ এক পদাধিকারীর কথায়, প্রশাসন ও পার্টি নিজস্ব নিয়ম মেনে চলবে। বিধায়করা নিজেদের সিদ্ধান্ত সংগঠনের উপর চাপিয়ে দিতে পারবেন না। এই মর্মে আগামী দিনে সুনির্দিষ্ট আচরণ বিধি জারি হতে চলেছে। খোদ দিল্লির কেন্দ্রীয় নেতৃত্বের অনুমোদনক্রমে এই পদক্ষেপ নেওয়া হচ্ছে। নিজ নিজ বিধানসভা এলাকায় দলের কোর কমিটিতে আলোচনা না করে সংগঠনের বিষয়ে একক সিদ্ধান্ত নেওয়া থেকে বিরত থাকতে হবে এমএলএদের। প্রশাসনিক বিষয়েও একই ফরমান দেওয়া হয়েছে। অনেকক্ষেত্রে কোনো একটি সাংগঠনিক জেলার অধীনে দুটি বিধানসভা এলাকা পড়ে গেলে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে জেলা সভাপতির মতই অগ্রাধিকার পাবে।



