সংবাদদাতা, কাঁথি: প্রান্তিক শ্রমিকদের রাজ্য সরকারের বিনামূল্যে সামাজিক সুরক্ষা যোজনায় অন্তর্ভুক্ত করার লক্ষ্যে এক অভিনব কর্মসূচি নিল শ্রমদপ্তরের কাঁথি বিভাগ। সোমবার থেকে কাঁথি পুরসভার ডরমিটরিতে সপ্তাহব্যাপী ‘শ্রমিকদের সঙ্গে মধ্যাহ্নভোজনের সাথী’ কর্মসূচিতে শামিল হয়েছে শ্রমদপ্তর।
Advertisement
শ্রমদপ্তর জানিয়েছে, কাঁথি ও এগরা পুরসভা মিলিয়ে বিভিন্ন কাজে যুক্ত শ্রমিকরা ডরমিটরিতে ‘মা’ ক্যান্টিনে পাঁচ টাকায় তাঁদের দুপুরের আহার সারেন। এঁরা প্রত্যেকে প্রান্তিক শ্রমিক। এঁদের প্রভিডেন্ট ফান্ড ও মৃত্যুকালীন সহায়তা সহ শ্রমদপ্তরের অন্যান্য সুযোগ-সুবিধা দেওয়ার জন্য পশ্চিমবঙ্গ সরকারের বিনামূল্যে সামাজিক সুরক্ষা যোজনা প্রকল্প রয়েছে। এদিন শ্রমদপ্তরের আধিকারিকরা সেখানে উপস্থিত হয়ে শ্রমিকদের রাজ্য সরকারের এই প্রকল্প সম্পর্কে সচেতন করেন। এগরাতেও অনুরূপ কর্মসূচি নেওয়া হয়েছে। এদিন এই কর্মসূচিকে কেন্দ্র করে ডরমিটরিতে সাড়া পড়ে যায়। শ্রমদপ্তরের কাঁথি বিভাগের অ্যাসিস্ট্যান্ট লেবার কমিশনার গণেশচন্দ্র কর্মকার বলেন, মূলত শ্রমিকদের প্রকল্প সম্পর্কে বিশেষভাবে অবগত করার জন্য এই কর্মসূচির আয়োজন করা হয়েছে। তাঁদের মধ্যাহ্নভোজন করার সময়ে আমরা তাঁদের সচেতন করছি। আগামী রবিবার পর্যন্ত কর্মসূচি চলবে। আমরা চাই, আরও বেশি মানুষ এই প্রকল্পে অন্তর্ভুক্ত হন। সরকার তাঁদের পাশে রয়েছে। উল্লেখ্য, ইতিপূর্বে কয়েকদিন আগে শ্রমদপ্তরের সরকারি সুবিধাভোগী পেনশনার্সদের নিয়ে প্রতীকী জন্মদিন পালন করেছিল দপ্তরের কাঁথি বিভাগ। সেই কর্মসূচিও যথেষ্ট সাড়া ফেলে দিয়েছিল।



