Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

পূর্ণাঙ্গ সংস্কারের কাজ শুরু হবে মাস দুয়েকের মধ্যে, খরচ এক কোটি টাকা

পূর্ণাঙ্গ সংস্কারের কাজ শুরু হবে মাস দুয়েকের মধ্যে, খরচ এক কোটি টাকা
  • ৯ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, নবদ্বীপ: নবদ্বীপ গৌরাঙ্গ সেতুর পূর্ণাঙ্গ সংস্কার কাজ শুরু হচ্ছে মাস দুয়েকের মধ্যে। ওই সেতুর আগাগোড়া সমস্ত পুরনো বিয়ারিং পরিবর্তন করে নতুন বিয়ারিং লাগানো হবে বলে জেলা পূর্তদপ্তর সূত্রে জানা গিয়েছে। এর জন্যে খরচ হবে প্রায় এক কোটি টাকা। সেই কাজ সম্পুর্ণ হলে গৌরাঙ্গ সেতুটি যান চলাচলে পূর্বের অবস্থায় ফিরে আসবে বলে মনে করা হচ্ছে।
Advertisement
গত ২০২১ সালের ২০ অক্টোবর সকালে আচমকাই গৌরাঙ্গ সেতুর মাঝামাঝি অংশের নীচে বিয়ারিং ভেঙে যায়। দু’টি স্ল্যাবের সংযোগস্থলে ফিঙ্গার এক্সপ্যানশন জয়েন্ট প্রায় এক থেকে দেড় ইঞ্চি আপ ডাউন হয়ে যায়। যে অংশটি বসে গিয়েছিল, সেটিকে নীচ থেকে জ্যাক দিয়ে তুলে নীচের সরে যাওয়া রোলার বিয়ারিংকে ঠিক জায়গায় নিয়ে আসা হয়। পরবর্তী সময়ে গত বছরের অক্টোবর মাসে আবারও দু’টি স্ল্যাবের সংযোগস্থলে ফিঙ্গার এক্সপ্যানশন জয়েন্টের প্লেট সরে যাওয়ায় বিপত্তি ঘটে। সেসময় সেতুর একটি পাশ দিয়ে সব ধরনের গাড়ি চলাচল করতে দেওয়া হচ্ছিল। পরে অক্টোবরের মাঝামাঝি ব্রিজ মেরামতির প্রাথমিক পর্যায়ের কাজ শেষ করা হয়। পূর্ত দপ্তর সূত্রে জানা গিয়েছে, অল্প সময়ের মধ্যে এই ব্রিজ অস্থায়ীভাবে সারানো হয়েছে। কিছু যানবাহনের গতি নিয়ন্ত্রণ করে এবং বহন ক্ষমতা ১৯ টন অবধি রেখে যান চলাচল শুরু হয়। পূর্তদপ্তর সূত্রে জানানো হয়েছিল, তিন মাসের মধ্যে পূর্ণাঙ্গভাবে ব্রিজ মেরামতির কাজ শেষ করা হবে। সেই মতো ব্রিজ সারানোর অত্যাধুনিক ল্যাডার লাগানো বিশেষ গাড়ি নিয়ে এসে ব্রিজের খুঁটিনাটি পরীক্ষা করা হয়। গত ২৭ ডিসেম্বর থেকে ঠিক করা হয়, মালবাহী গাড়ির অতিরিক্ত ওজনে যাতে নবদ্বীপের গৌরাঙ্গ সেতু আর নতুন করে আর ক্ষতিগ্রস্ত না হয়। উল্লেখ্য, ১৯৭২ সালে নবদ্বীপের গৌরাঙ্গ সেতুর নির্মাণ কাজ শুরু হয়েছিল। সেতুটি লম্বায় প্রায় ৫৮০ মিটার আর চওড়ায় প্রায় ৭ মিটার। ১৯৮২ সালে গৌরাঙ্গ সেতু খুলে দেওয়া হয়। উত্তরবঙ্গের সঙ্গে দক্ষিণবঙ্গের যোগাযোগ রক্ষার কাজে এই সেতুটি খুবই গুরুত্বপূর্ণ। প্রতিদিন এই সেতু দিয়ে ছোট বড় সব মিলিয়ে গড়ে ১০ হাজার গাড়ি যাতায়াত করে। নদীয়া, মুর্শিদাবাদ এবং বর্ধমান জেলা সহ অন্যান্য জেলার সঙ্গে সংযোগ রাখে এই সেতুটি। এটির প্রায় দু’শো থেকে আড়াইশো কিলোমিটার দূরে বহরমপুর এবং দক্ষিণেশ্বর ছাড়া গঙ্গার ওপর আর কোন ব্রিজ নেই। গঙ্গা পারাপারের এটাই একমাত্র সেতু।  তবে তার মাঝে আছে কল্যাণীতে ঈশ্বর গুপ্ত সেতু। সেটিও সংস্কারের কাজ চলছে। ফলে নবদ্বীপ গৌরাঙ্গ সেতুটি আরও প্রয়োজনীয় হয়ে উঠেছে। জেলা পূর্ত দপ্তরের এক আধিকারিক জানান, আগাগোড়া নতুন বিয়ারিং লাগানো হবে। যাতে আগের মতো সমস্ত রকমের গাড়ি এই সেতু দিয়ে যাতায়াত করতে পারে। সেজন্য প্রায় ১ কোটি টাকা খরচ হবে।
Advertisement
সম্পর্কিত সংবাদ