Bartaman Logo
১০ জুন, ২০২৬

পূর্ণকুম্ভের জন্য প্রয়াগরাজ হয়ে স্পেশাল বন্দে ভারত চালাচ্ছে রেল

পূর্ণকুম্ভের জন্য প্রয়াগরাজ হয়ে স্পেশাল বন্দে ভারত চালাচ্ছে রেল
  • ১৫ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
নয়াদিল্লি, ১৫ ফেব্রুয়ারি: পূর্ণকুম্ভে স্নান সারতে যাচ্ছেন কাতারে কাতারে পুণ্যার্থী। দেশের বিভিন্ন প্রান্ত থেকে পুণ্যার্থীদের ভিড়ে জমে উঠেছে প্রয়াগরাজ। কিন্তু এত ভিড়ের চাপ সামলাতে কার্যত হিমশিম খেতে হচ্ছে পুলিস কর্মীদের। একই অবস্থা রেলেও। পুণ্যার্থীদের চাপ সামলাতে একগুচ্ছ ট্রেন চালাচ্ছে রেল। কিন্তু তারপরেও সামাল দেওয়া যাচ্ছে না। তাই এবার প্রয়াগরাজের উদ্দেশে একটি স্পেশাল বন্দে ভারত চালাচ্ছে ভারতীয় রেল। গতকাল, শুক্রবার উত্তর রেলের তরফে জানানো হয়েছে, ১৫, ১৬ ও ১৭ ফেব্রুয়ারি এই সপ্তাহে দিল্লি থেকে বারাণসী পর্যন্ত ০২২৫২/০২২৫১ বন্দে ভারতের স্পেশাল রেক চালানো হবে। যেটি যাবে ও আসবে উত্তরপ্রদেশের প্রয়াগরাজ হয়েই। ভোর ৫টা ৩০ মিনিটে নয়াদিল্লি থেকে ছাড়বে বন্দে ভারতটি। সেটি বারাণসীতে পৌঁছবে ২টো ২০ মিনিটে। প্রয়াগরাজ পার করবে দুপুর ১২টার সময়ে। ওইদিনই বারাণসী থেকে ফেরার জন্য ট্রেনটি ছাড়বে ৩টে ১৫ মিনিটে। নয়াদিল্লিতে সেদিনই ঢুকবে রাত ১১টা ৫০ মিনিটে। প্রয়াগরাজে ওই দিনই বন্দে ভারতটি ফিরবে বিকেল ৫টা ২০ মিনিটে, এমনটাই জানিয়েছেন উত্তর রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক হিমাংশু শেখর উপাধ্যায়। লক্ষ্য করে দেখা গিয়েছে পূর্ণকুম্ভে ভিড়টা বেশি হচ্ছে সপ্তাহের শেষেই। তাই ওই রুটে বন্দে ভারতের এই স্পেশাল সার্ভিসের ব্যবস্থা করা হয়েছে রেলের তরফে।  
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ