প্রয়াগরাজ, ১৫ ফেব্রুয়ারি: পূর্ণকুম্ভে যাওয়ার পথে ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়ে মৃত্যু হল ১০ পুণ্যার্থীর। জখম ১৯। গতকাল, শুক্রবার গভীর রাতে এই দুর্ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের প্রয়াগরাজ-মির্জাপুর জাতীয় সড়কের মেজা এলাকায়। ছত্তিশগড়ের কোরবা থেকে প্রয়াগরাজের সঙ্গমে পুণ্যস্নানের জন্য চারচাকা গাড়ি করে যাচ্ছিলেন পুণ্যার্থীরা। আর যাত্রীবাহী বাসটি মধ্যপ্রদেশের রাজগড় থেকে আসছিল। প্রয়াগরাজ-মির্জাপুর জাতীয় সড়কের মেজা এলাকায় ওই গাড়ির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় বাসটির। যার ফলে দুমড়ে-মুচড়ে যায় ওই চারচাকা গাড়িটির সামনের অংশ। তাতে থাকা প্রত্যেক পুণ্যার্থীরও মৃত্যু হয়েছে। পুলিস সূত্রে খবর, ওই চারচাকা গাড়িটিতে মোট ১০ জন পুণ্যার্থী ছিলেন। দুর্ঘটনার কবলে পড়ায় বাসটিরও ১৯ জন যাত্রী জখম হয়েছেন। তাদের ভর্তি করা হয়েছে রামনগর হাসপাতালে। কীভাবে ঘটল দুর্ঘটনাটি? তদন্ত শুরু হয়েছে। গোটা বিষয়টির ব্যাপারে খোঁজ নিয়েছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। দুঃখপ্রকাশ করে এই দুর্ঘটনায় মৃতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন তিনি।



