মহাকুম্ভ নগর: পদপিষ্ট হয়ে পুণ্যার্থীদের মৃত্যুর ক্ষত এখনও দগদগে। তার মধ্যেই ফের বিপর্যয়ের সাক্ষী পূর্ণকুম্ভ। মহাকুম্ভ নগরের ১৮ নম্বর সেক্টরে আগুন লাগার ঘটনায় আতঙ্ক ছড়াল। যদিও এই ঘটনায় হতাহতের কোনও খবর নেই। কিছুক্ষণের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে দমকল বাহিনী। কুম্ভমেলায় একের পর এক দুর্ঘটনা নিয়ে যোগী ও মোদি—দুই সরকারের সমালোচনায় সরব হয়েছে তৃণমূল।
Advertisement
খাক চক থানার ইন্সপেক্টর যোগেশ চতুর্বেদী জানান, ওল্ড জিটি রোডের তুলসী চৌরাহার কাছে একটি তাঁবুতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে দমকল বাহিনী। এর আগেও দু’বার অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে এবারের পূর্ণকুম্ভে। প্রথম ঘটনাটি ঘটে গত ১৯ জানুয়ারি। বেশ কিছু তাঁবু ও কুঁড়েঘর পুড়ে গিয়েছিল। গত ৩ ফেব্রুয়ারি ২১ নম্বর সেক্টরে হট এয়ার বেলুন বিস্ফোরণে ঘটে। সেই ঘটনায় জখম হন ছ’জন পু্ণ্যার্থী। মৌনী অমাবস্যায় পদপিষ্টের ঘটনা ও পর পর তিনটি অগ্নিকাণ্ডে বিজেপি সরকারের ভূমিকার কড়া সমালোচনা করেছে তৃণমূল কংগ্রেস। এদিন অফিশিয়াল এক্স হ্যান্ডলে পদ্ম শিবিরকে বিঁধে বলা হয়েছে, বিজেপি এই কুম্ভমেলাকে নিজেদের জনসংযোগের মাধ্যম হিসেবে ব্যবহার করছে। জাঁকজমকপূর্ণ এই মেলার সাফল্যের দাবিদারও তারা। কিন্তু একের পর এক যে দুর্ঘটনা ঘটছে, তার দায় কে নেবে?



