Bartaman Logo
১০ জুন, ২০২৬

পূর্ণকুম্ভে মোদি, স্নান ত্রিবেণী সঙ্গমে

পূর্ণকুম্ভে মোদি, স্নান ত্রিবেণী সঙ্গমে
  • ৬ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
প্রয়াগরাজ: দিল্লি বিধানসভার ভোটের দিনই বুধবার প্রয়াগরাজের পূর্ণকুম্ভে মোদি। ত্রিবেণী সঙ্গমে স্নান সারলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। প্রধানমন্ত্রী এক্স হ্যান্ডলে জানান, ‘প্রয়াগরাজের কুম্ভে উপস্থিত হয়ে আমি ধন্য। সঙ্গমে স্নান হল ঐশ্বরিক সংযোগের একটি মুহূর্ত। এতে অংশগ্রহণকারী কোটি কোটি মানুষের মতো আমিও ভক্তি চেতনায় পূর্ণ হলাম।’ এরপরেই তিনি বলেন, ‘মা গঙ্গা সকলকে শান্তি, প্রজ্ঞা, সুস্বাস্থ্য এবং সম্প্রীতির আশীর্বাদ করুন।’ স্নানের সময় তিনি রুদ্রাক্ষের মালা জপ করেন।  পরনে ছিল গাঢ় গেরুয়া ও নীল রঙের পোশাক। স্নানের আগে মন্ত্র উচ্চারণ করে মা গঙ্গা, যমুনা এবং সরস্বতীর পুজো সারেন। এরপর নির্দিষ্ট বিধি মেনে সূর্য দেবতাকে প্রণাম করেন তিনি। 
Advertisement
পূর্ণকুম্ভে স্নানের জন্য বুধবার সকালে প্রয়াগরাজ বিমানবন্দরে আসেন প্রধানমন্ত্রী। এরপর এমআই ১৭ হেলিকপ্টারে ডিপিএস হেলিপ্যাডে পৌঁছন। সেখানে তাঁকে স্বাগত জানান মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। এরপর যোগীকে সঙ্গে নিয়ে বিশেষ নৌকা করে আরাইল ঘাট থেকে ত্রিবেণী সঙ্গমে পৌঁছন প্রধানমন্ত্রী। সূত্রের খবর, নৌকাতেই তীর্থযাত্রীদের নিরাপত্তায় যোগী সরকারের ব্যবস্থা নিয়ে খোঁজখবর নেন প্রধানমন্ত্রী। গত ২৮ জানুয়ারি রাতে কুম্ভে পদপিষ্টের ঘটনায় সরকারিভাবে ৩০ জনের মৃত্যু হয়। ওই ঘটনায় মৃতের প্রকৃত সংখ্যা ধামাচাপা দেওয়ার অভিযোগে সরব বিরোধীরা। এই পরিস্থিতিতে জল্পনা ছড়িয়েছিল,  মোদি হয়তো তাঁর নির্ধারিত সফর বাতিল করবেন। কিন্তু পূর্ব ঘোষণা মতোই এদিন প্রয়াগরাজে আসেন তিনি।  বিরোধীদের দাবি, দিল্লির ভোটে হিন্দুত্বের আবেগ উস্কে দিতেই এই দিনটিকে বেছে নিয়েছেন প্রধানমন্ত্রী। ছবি: পিটিআই
Advertisement
সম্পর্কিত সংবাদ