Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

পুরনো টোটোর লাইসেন্স নবীকরণ না হওয়ায় কাঁথিতে বিক্ষোভে চালকরা 

পুরনো টোটোর লাইসেন্স নবীকরণ না হওয়ায় কাঁথিতে বিক্ষোভে চালকরা 
  • ২ মার্চ, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, কাঁথি: পুরনো টোটোর লাইসেন্স নবীকরণ করছে না তৃণমূল পরিচালিত পুরসভা। প্রতিবাদে পুরসভার অফিসের সামনে তৃণমূল টোটো শ্রমিক ইউনিয়নের ব্যানারে অবস্থান-বিক্ষোভে শামিল হলেন চালকরা। শনিবার এই বিক্ষোভকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ায়। বিক্ষোভের পাশাপাশি তাঁরা ডেপুটেশন দেন। চেয়ারম্যানের অনুপস্থিতিতে ডেপুটেশন গ্রহণ করেন ভাইস-চেয়ারম্যান নিরঞ্জন মান্না। 
Advertisement
কাঁথি শহর আইএনটিটিইউসির টোটো ইউনিয়নের সম্পাদক শেখ ইজবার বলেন, প্রায় ৩০০টি টোটোর লাইসেন্স দেওয়া হচ্ছে না। অথচ মোটা টাকার বিনিময়ে অবৈধভাবে নতুন টোটোগুলিকে লাইসেন্স দেওয়া হচ্ছে। বাইরে থেকে আসা টোটোগুলিই শহরে যানজট সৃষ্টি করছে। লাইসেন্স না হওয়ায় আমরা সমস্যায় পড়েছি। পুরসভার কাছে এব্যাপারে বারবার দাবি জানিয়েও কাজ হয়নি। তাই আমরা বিক্ষোভ কর্মসূচি নিয়েছি। 
পুরসভার চেয়ারম্যান সুপ্রকাশ গিরি বলেন, ২০২৩-’২৪ সালের ১৬৭০টি টোটো ২০২৪-২৫সালে নবীকরণ করা হয়েছে। এর বাইরে অতিরিক্ত টোটোর লাইসেন্স নবীকরণ করা হবে না। তাছাড়া মহকুমা শহর কাঁথিতে ১৬৭০টি টোটো অতিরিক্ত। টোটো ছাড়াও অটো, ভ্যানরিকশ, বাইক সহ অন্যান্য যানবাহন চলে। প্রতিদিন যানজটে নাজেহাল হচ্ছেন শহরবাসী। সেকথা মাথায় রেখে আর টোটোর লাইসেন্স দেওয়া হবে না।
Advertisement
সম্পর্কিত সংবাদ