সংবাদদাতা, ময়নাগুড়ি: তেরো বছরের নাবালক ভাইপোকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করার অভিযোগ দুই কাকার বিরুদ্ধে। এতে গুরুতর জখম হয়েছে অষ্টম শ্রেণির ছাত্র অয়ন রায়। তার হাতে পাঁচটি সেলাই পড়েছে। বৃহস্পতিবার রাতে নাবালকের বাবা বাপি রায় ময়নাগুড়ি থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমেছে পুলিস। এই ঘটনায় রাকেশ রায় নামে এক অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। অপর অভিযুক্ত পলাতক। ময়নাগুড়ি ব্লকের শিঙিমারী এলাকায় এই ঘটনাকে ঘিরে চাঞ্চল্যে তৈরি হয়েছে।
Advertisement
ঘটনার সূত্রপাত কালীপুজোয় মাইক বাজানোকে কেন্দ্র করে। সেই সময় এই নাবালকের উপর আক্রমণ করার অভিযোগ উঠেছিল কাকার বিরুদ্ধে। নভেম্বরের ৩ তারিখ রাতে এমন ঘটনায় পরের দিন ময়নাগুড়ি থানায় লিখিত অভিযোগ দায়ের হয় চারজনের বিরুদ্ধে। অভিযোগ এই ঘটনায় দুজন গ্রেপ্তার হয়। তারা ছাড়া পেয়ে পুরনো কেস তুলে নেওয়ার জন্য বাপি রায়ের পরিবারের উপর চাপ সৃষ্টি করে। কিন্তু তারা কেস তুলে নিতে অস্বীকার করায় বৃহস্পতিবার ছেলে অয়নকে মারধর করা হয় বলে অভিযোগ। জখমের বাবা বাপি রায় বলেন, পুরনো মামলা তুলে নেওয়ার জন্য বারবার হুমকি দেওয়া হচ্ছে। যারা এমন ঘটনা ঘটিয়েছে, তারা আমার সম্পর্কে খুড়তুতো ভাই। কালীপুজোর সময় আমার ছেলেকে বেধড়ক মারধর করেছিল। শ্বাসরোধ করে প্রাণে মারার চেষ্টা করে। আমার ছেলে হাসপাতালেও ভর্তি ছিল। আমরা কেস তুলবো না। সে কারণেই আমার ছেলেকে একা পেয়ে রাকেশ রায় ও দীপককুমার রায় মারধর করে। ধারালো অস্ত্র দিয়ে আমার ছেলের হাতে আঘাত করেছে। রক্তাক্ত অবস্থায় ছেলে যখন চিৎকার করছিল, সেই সময় ফের ওরা কেস তুলে নেওয়ার জন্য হুমকি দেয়।
এদিকে অভিযুক্ত রাকেশ রায় এই অভিযোগ অস্বীকার করেছেন। তিনি বলেন, এমন কোনও ঘটনা ঘটেনি। তার বিরুদ্ধে মিথ্যে অভিযোগ দায়ের করা হয়েছে।
এদিকে অভিযুক্ত রাকেশ রায় এই অভিযোগ অস্বীকার করেছেন। তিনি বলেন, এমন কোনও ঘটনা ঘটেনি। তার বিরুদ্ধে মিথ্যে অভিযোগ দায়ের করা হয়েছে।



