Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

প্রেমের ফাঁদে পড়ে সিঙ্গাপুর থেকে এসে বিয়ে যুবকের, সর্বস্ব লুট করে উধাও স্ত্রী

প্রেমের ফাঁদে পড়ে সিঙ্গাপুর থেকে এসে বিয়ে যুবকের, সর্বস্ব লুট করে উধাও স্ত্রী
  • ২৩ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
নিজস্ব প্রতিনিধি, বহরমপুর: প্রেমের ফাঁদে ফেলে সিঙ্গাপুর থেকে যুবককে বহরমপুরে ডেকে এনে বিয়ে করে এক যুবতী। নিজের পরিচয় আত্মগোপন করে ওই যুবকের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তুলেছিল সে। বিয়ের পর বহরমপুরের রাধারঘাট এলাকায় উত্তরপাড়ায় থাকতে শুরু করে তারা। দিন কুড়ি সংসার করার পর যুবকের সর্বস্ব কেড়ে নেওয়া হয়েছে বলে অভিযোগ। তারপর থেকে ওই যুবতী পলাতক। এই ঘটনায় অভিযোগ দায়ের হল বহরমপুর থানায়। পুলিস ওই যুবতীর খোঁজে তল্লাশি শুরু করেছে। জানা গিয়েছে, দিল্লি আইআইটি থেকে এমটেক করার পর সিঙ্গাপুরে গবেষণা করছিল ওই যুবক। তাঁর বাড়ি পূর্ব বর্ধমানের মঙ্গলকোট এলাকায়। সোশ্যাল মিডিয়ায় পরিচয় হয় বীরভূমের লাভপুরের ওই যুবতীর সঙ্গে। একাধিক নাম রয়েছে ওই যুবতীর। তার আগে একটি বিয়ে হওয়া সত্ত্বেও সে এই যুবককে ফের বিয়ে করে। মিথ্যে নথি পেশ করে বীরভূম থেকে বিয়ের রেজিস্ট্রি করা হয় বলে জানতে পেরেছে পুলিস। বহরমপুর থানার আইসি উদয় শঙ্কর ঘোষ বলেন, সোশ্যাল মিডিয়ায় পরিচয় হওয়ার পর ওই যুবক বিয়ে করে। ওই যুবতী মিথ্যা পরিচয় দিয়ে ওই যুবকের সঙ্গে থাকা শুরু করেছিল। তারপর তার বেশ কিছু জিনিসপত্র খোয়া গিয়েছে বলে অভিযোগ হয়েছে। আমরা মামলা রুজু করে ঘটনা তদন্ত শুরু করেছি। 
Advertisement
পুলিস সূত্রে জানা গিয়েছে, প্রায় একমাস আগে, ওই যুবক সিঙ্গাপুর থেকে কলকাতা এয়ারপোর্টে নামে। সেখান থেকে গাড়ি নিয়ে বীরভূমের ফুটিশাকো আসে। সেখানে যুবকের গাড়িতে ওঠে ওই যুবতী। ওইদিনই যুবকের সঙ্গে রেজিস্ট্রি বিয়ের পর তারা বহরমপুর এসে থাকা শুরু করে। ওই যুবক জানিয়েছে, আমার খাবারের সঙ্গে রাসায়নিক মিশিয়ে অচৈতন্য করে আমার সমস্ত নথিপত্র নিয়ে যুবতী চম্পট দিয়েছে বলে অভিযোগ জানিয়েছি। ওই যুবকের কাছ থেকে তিন লক্ষ টাকা, ল্যাপটপ, মোবাইল, আধার কার্ড, ভোটার কার্ড, প্যানকার্ড, পাসপোর্ট সহ গুরুত্বপূর্ণ নথি হাতিয়ে নিয়েছে ওই যুবতী। এমনকী অনলাইন পেমেন্ট করার অ্যাপ্লিকেশনগুলিও নিজের হেফাজতে নিয়ে নিয়েছে, বলে অভিযোগ। এভাবে প্রতারণার ঘটনা শুনে রীতিমতো অবাক পুলিস আধিকারিকরাও।
Advertisement
সম্পর্কিত সংবাদ