লন্ডন: সময়টা মোটেই ভালো যাচ্ছে না পেপ গুয়ার্দিওলার। ইতিমধ্যেই চ্যাম্পিয়ন্স লিগ থেকে বিদায় নিয়েছে তাঁর দল। তার উপর গত ম্যাচে ইপিএলে লিভারপুলের কাছে ঘরের মাঠে ০-২ গোলে বশ মানে ম্যাঞ্চেস্টার সিটি। ফলে পয়েন্ট টেবিলে প্রথম চারে থাকা ক্রমশ কঠিন হয়ে দাঁড়িয়েছে সিটিজেনদের। তেমনটা ঘটলে, আগামী মরশুমে সরাসরি চ্যাম্পিয়ন্স লিগে যোগ্যতা অর্জনের সুযোগ হারাবে পেপ ব্রিগেড। এই পরিস্থিতিতে বুধবার নীল ম্যাঞ্চেস্টারের প্রতিপক্ষ পয়েন্ট টেবিলে দ্বাদশ স্থানে থাকা টটেনহ্যাম হটস্পার। অ্যাওয়ে ম্যাচে জিতে চতুর্থ স্থান ধরে রাখাই লক্ষ্য সিটিজেনদের। উল্লেখ্য, হাঁটুর চোটের কারণে রিয়াল মাদ্রিদের পর লিভারপুলের বিরুদ্ধেও দলে ছিলেন না আর্লিং হালান্ড। বুধবারও নরওয়ে তারকা স্ট্রাইকারের খেলা নিয়ে ধোঁয়াশা রয়েছে। এই প্রসঙ্গে কোচ পেপ জানান, ‘হালান্ড এখন অনেকটাই সুস্থ। তবে ওকে নিয়ে কোনওরকম ঝুঁকি নিতে চাই না। মঙ্গলবার অনুশীলনের পর চূড়ান্ত সিদ্ধান্ত নেব।’
Advertisement
প্রিমিয়ার লিগে আরও শোচনীয় অবস্থা ম্যাঞ্চেস্টারের অপর ক্লাব ইউনাইটেডের। শেষ তিন ম্যাচে জয় অধরা। তারমধ্যে দু’টিতে হার। গত ম্যাচে এভার্টনের বিরুদ্ধে দু’গোলে পিছিয়ে থেকেও কোনওক্রমে হার বাঁচায় রুবেন আমোরিমের ছেলেরা। ২৬ ম্যাচে মাত্র ৩০ পয়েন্ট নিয়ে লিগ টেবিলে ১৫তম স্থানে রয়েছে ওল্ড ট্রাফোর্ডের ক্লাবটি। বুধবার অবশ্য ঘরের মাঠে তাদের প্রতিপক্ষ অবনমনের আওতায় থাকা ইপসউইচ টাউন। প্রথম লেগে অ্যাওয়ে ম্যাচে শুরুতে লিড নিয়েও পয়েন্ট খুইয়েছিল লাল ম্যাঞ্চেস্টার। বুধবার জিততে মরিয়া ব্রুনো ফার্নান্ডেজরা।
দিনের অপর ম্যাচে নিউকাসেলের মুখোমুখি হবে লিগ টেবিলে শীর্ষে থাকা লিভারপুল। ঘরের মাঠে ছন্দ বজায় রেখে খেতাব জয়ের পথে আরও এক ধাপ এগিয়ে যাওয়াই লক্ষ্য মো সালাহদের। এদিকে, গত ম্যাচে হারের ধাক্কা কাটিয়ে জয়ে ফিরতে মরিয়া আর্সেনাল। অ্যাওয়ে ম্যাচে গানারদের প্রতিপক্ষ লিগ টেবিলে তৃতীয় স্থানে থাকা নটিংহ্যাম ফরেস্ট।