সংবাদদাতা, শীতলকুচি: প্রেমিকার বাড়িতে এসে বিপাকে পড়তে হল প্রেমিক ও তাঁর তিন সঙ্গীকে। শনিবার মধ্য শীতলকুচি গ্রামের এক যুবক তিন সঙ্গীকে নিয়ে গোলেনাওহাটি পঞ্চায়েতের ঠাকুরপাড়ার এক যুবতীর বাড়িতে আসে। যুবকের দাবি, যুবতীর সঙ্গে তাঁর দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক। কিন্তু যুবতীকে তাঁর পরিবার অন্যত্র বিয়ে দিচ্ছে। যুবতীর বাড়িতে গেলে ঝামেলা বাধে। এরপরই যুবতীর পরিজনরা যুবক ও তার সঙ্গীদের মারধোর করে আটকে রাখে। ঘটনাস্থলে আসে শীতলকুচি থানার পুলিস। চার যুবককে উদ্ধার করে থানায় নিয়ে যায়। এবিষয়ে যুবতীর পরিবার জানায়, ওই যুবক মাঝেমধ্যে মেয়েকে ফোন করে প্রেমের প্রস্তাব দিত। কিন্তু, মেয়ে প্রেমের প্রস্তাব মেনে নেয়নি। মেয়ের বিয়ে ঠিক হয়েছে। বারবার ফোন করে বিরক্ত করলে তার নম্বর ব্লক করে দেয় মেয়ে। এদিন ওরা কোন উদ্দেশ্যে এসেছিল, আমরা জানি না।
Advertisement
যদিও প্রেমিকের দাবি, যুবতী নিজেই বাড়িতে আসতে বলেছিল। দীর্ঘদিনের সম্পর্কের কথা জানাতেই বাড়িতে গেলে যুবতীর পরিবার ঝামেলা শুরু করে মারধর করে। শীতলকুচি থানার ওসি অ্যান্থনি হোড়ো বলেন, চার যুবককে আটক করা হয়েছে। লিখিত অভিযোগ পেলে তদন্ত হবে।



