সংবাদদাতা, বহরমপুর: ভ্যালেনটাইন্স ডে বা ভালোবাসা দিবসের আগে বৃহস্পতিবার বহরমপুরের ফুল বাজারে গোলাপ কিনতে ভিড় উপচে পড়ে। বৃহস্পতিবার থেকেই মনের মানুষের জন্য উপহার কিনতে ফুলের দোকানগুলিতে আসতে শুরু করেন যুবক-যুবতীরা। ম্যাঙ্গালোরের গোলাপের দামে ছ্যাঁকা লাগলেও কার্পণ্য করেনি প্রেমিক-প্রেমিকারা। কেউ কেউ কাঁটা ছেঁটে ডালপাতা সহ গোলাপ কিনলেন। কেউ আবার আরও আকর্ষণীয় কর তুলতে রাংতা মোড়া গোলাপ কিনে নিয়ে গেলেন। ভালাবাসার দিন প্রিয়জনের হাতে গোলাপ তুলে দেওয়া এখন প্রথা হয়ে দাঁড়িয়েছে। আজ, শুক্রবার ভ্যালেন্টাইন্স ডে। আর বৃহস্পতিবার বিকেল থেকেই গোলাপ কেনার তোরজোড় শুরু হয়ে গিয়েছিল। এদিন বহরমপুরের বিভিন্ন ফুলের বাজারে দেশি গোলাপ ১০-১৫ টাকা পিস হিসেবে বিক্রি হয়েছে। রাংতা দিয়ে মুড়ে একটু সুসজ্জিত করে দিতে গুনতে হচ্ছে আরও ৫-৭ টাকা বেশি। তবে এদিন ম্যাঙ্গালোরের গোলাপের চাহিদাই সব থেকে বেশি ছিল। লাল, হলুদ ও পিচ রঙের ম্যাঙ্গালোরের গোলাপের দাম বৃহস্পতিবারই হাফ সেঞ্চুরি ছাড়িয়েছিল। বিক্রেতাদের দাবি ১৫ দিন পর্যন্ত তাজা থাকবে এই গোলাপ। বৃহস্পতিবার বহরমপুরে ম্যাঙ্গালোরের গোলাপ ৫০-৬০ টাকা প্রতি পিসে বিক্রি হল। মোহন মোড়ে এক যুবক বলেন, দাম দেখে উপহারের মান বিচার করা হয় না। তবে, সৌন্দর্যের জন্য ম্যাঙ্গালোরের গোলাপের কদর বেশি। ফুল বিক্রেতাদের দাবি, চারদিন আগেই বহরমপুরে ঢুকেছে ম্যাঙ্গালোরের গোলাপ। ১৫ দিন পর্যন্ত টাটকা থাকবে। এর চাহিদাও বেশি। গোরাবাজার এলাকার ফুল বিক্রেতা সতন ঘোষ বলেন, বৃহস্পতিবার ম্যাঙ্গালোরের গোলাপ বিক্রি করলাম ৫০ টাকা পিস হিসেবে। বড়ঞার ডাকবাংলার ফুল বিক্রেতা জয়দেব প্রামাণিক বলেন, গ্রামীণ এলাকায় ৬০ টাকায় ম্যাঙ্গালোরের গোলাপ কেনার ক্রেতা কম। তবে, বৃহস্পতিবার সারাদিন ৭০০ পিস দেশি গোলাপ বিক্রি করেছি।



