সংবাদদাতা, মানবাজার: এক ব্যক্তির বিরুদ্ধে রাস্তায় এক মহিলা ও তাঁর মাকে মারধরের অভিযোগ উঠল। মঙ্গলবার পুরুলিয়ার বরাবাজার থানার বানজোড়া গ্রামের ঘটনা। পুলিস অভিযুক্তকে গ্রেপ্তার করেছে। ধৃতের নাম জলধর প্রামাণিক। তার বাড়ি বরাবাজারের কায়াপাড়া গ্রামে। বানজোড়া গ্রামের বাসিন্দা মুস্তাক আনসারির অভিযোগের ভিত্তিতে পুলিস মঙ্গলবার অভিযুক্তকে গ্রেপ্তার করে। বুধবার তাকে পুরুলিয়া জেলা আদালতে তোলা হয়। বিচারক ১৪দিনের জেল হেফাজতের নির্দেশ দেন।
Advertisement
মুস্তাক আনসারি জানিয়েছেন, মঙ্গলবার সন্ধ্যা ৭টায় তাঁর স্ত্রী আয়েশা বিবি কাপড়ের দোকান বন্ধ করে বাড়ি ফিরছিলেন। তখন কায়াপাড়ার সামনে পুরনো বিবাদের জেরে জলধর হঠাৎই মুস্তাকের স্ত্রী ও শাশুড়িকে প্রথমে চড় ও পরে লাঠির আঘাত করে। তাতে ওই দুই মহিলার মাথায় আঘাত লেগে রক্তপাত হয় বলে অভিযোগ। ঘটনাস্থলে লোকজন জড়ো হলে অভিযুক্ত সেখান থেকে পালায়। স্থানীয়রা ওই দু’জনকে বরাবাজার প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যান।



