নিজস্ব প্রতিনিধি, পুরুলিয়া: পুরুলিয়াতেও জল জীবন মিশন ও জাইকা প্রকল্পের কাজের তদারকি করলেন মন্ত্রী মানস ভুঁইয়া। শুক্রবার বিকেলে পুরুলিয়ার সার্কিট হাউসে সংশ্লিষ্ট দপ্তর ও জেলা প্রশাসনের আধিকারিকদের নিয়ে বৈঠক করেন। বৈঠকে ছিলেন আরএক মন্ত্রী সন্ধ্যারানি টুডু, জেলা পরিষদের সভাধিপতি নিবেদিতা মাহাত, জেলাশাসক রজত নন্দা, জেলার পুলিস সুপার অভিজিৎ বন্দ্যোপাধ্যায় সহ উচ্চপদস্থ আধিকারিকরা। সেখানে জাইকা ও পিএইচই দপ্তরের আধিকারিকদের কাজের গড়িমসি দেখে অসন্তোষ প্রকাশ করেন মানসবাবু। কয়েকজন আধিকারিক মন্ত্রীর রোষের মুখেও পড়েন। কাজে গতি আনতে কী কী পদক্ষেপের প্রয়োজন রয়েছে, সেই ব্যাপারে আধিকারিকদের পরামর্শ দেন মানসবাবু। তিনি বলেন, এক একটি এজেন্সি প্রচুর কাজ নিয়ে বসে রয়েছে। কাজ এগতে পারছে না। এটা বরদাস্ত করা হবে না।



