Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

পুরুলিয়ায় তৃণমূলের সংখ্যালঘু সেলের কমিটি ঘোষণার পরই কোন্দল প্রকাশ্যে

পুরুলিয়ায় তৃণমূলের সংখ্যালঘু সেলের কমিটি ঘোষণার পরই কোন্দল প্রকাশ্যে
  • ২৭ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, রঘুনাথপুর: পুরুলিয়া জেলা তৃণমূল কংগ্রেসের সংখ্যালঘু সেলের নতুন জেলা ও ব্লক কমিটি ঘোষণার পরই কোন্দল প্রকাশ্যে এসেছে। সংখ্যালঘু সেলের সভাপতি সাদ্দাম আনসারির বিরুদ্ধে নানা অভিযোগ তুলে দলের কর্মী সমর্থকরা সরব হয়েছেন। বিজেপি থেকে এসে তিনি নিজের ইচ্ছেমতো দল পরিচালনা করছেন বলে অভিযোগ। এনিয়ে বৃহস্পতিবার দলের নেতা কর্মীদের একাংশ বিক্ষোভ দেখায়। সম্প্রতি ঘোষিত জেলা কমিটি ও ব্লক কমিটিগুলিকে নিয়ে নতুন করে সিদ্ধান্ত না নেওয়া হলে দলত্যাগের হুঁশিয়ারিও দেওয়া হয়েছে।
Advertisement
তৃণমূল সূত্রে জানা গিয়েছে, সম্প্রতি পুরুলিয়া সংখ্যালঘু সেলের নতুন জেলা ও ব্লক কমিটির তালিকা প্রকাশিত হয়েছে। তালিকায় ১৯ জন ব্লক এবং সাতজন সহ-সভাপতির নাম বাদ দেওয়া হয়েছে। এছাড়া জেলা কমিটিতে থাকা ৩৫ জনের নাম বাদ দিয়ে দেওয়া হয়েছে। নতুন কমিটিতে জেলা সভাপতির আত্মীয়, পরিজনদের আনা হয়েছে বলে অভিযোগ। তারপরেই দলের নেতা-কর্মীদের একাংশ বৃহস্পতিবার বিক্ষোভ দেখায়। 
বিক্ষোভকারী রঘুনাথপুর-১ ব্লকের প্রাক্তন সংখ্যালঘু সেলের সভাপতি মহম্মদ জাকির আনসারি, প্রাক্তন আড়ষা ব্লক সভাপতি এহিয়া আনসারি, জেলা কমিটির প্রাক্তন সম্পাদক আবুল আনসারি বলেন, সংখ্যালঘু সেলের জেলা সভাপতি একসময় বিজেপি করতেন। দলবদল নিয়ে তৃণমূলে এসেছেন। বর্তমানে দায়িত্ব পেয়ে তিনি তৃণমূলের সংখ্যালঘু সংগঠনকে নষ্ট করতে চাইছেন। তাঁর আত্মীয়দের কমিটিতে এনেছেন। রঘুনাথপুর-২ ব্লকে তাঁর জামাইবাবুকে, আড়ষা ব্লকের সহ-সভাপতি হিসেবে তাঁর মাসির জামাইকে দায়িত্ব দেওয়া হয়েছে। অথচ তাঁরা কোনওদিন দল করেননি। দলের ঝান্ডাও ধরেননি। তাঁদের পদে বসানো হয়েছে। যাঁরা দিনরাত এক করে দলের জন্য লড়াই করেছেন, তাঁদের বাদ দিয়ে দেওয়া হয়েছে। তাই বিষয়টি আমরা দলীয় নেতৃত্বকে জানিয়েছি। খতিয়ে দেখে পদক্ষেপ নেওয়ার কথা বলা হয়েছে। যদিও সাদ্দাম সাহেব বলেন, দল আমাকে যোগ্য মনে করেছে বলেই দায়িত্ব দিয়েছে। কাল আমি কাজ না করতে পারলে দল আমাকে বাদ দিয়ে দেবে। তখন কি আমি দলের বিরুদ্ধে আন্দোলন করব? আজ যারা তালিকা থেকে বাদ পড়েছে, তারা দলের হয়ে কাজ করেনি। নতুন যে কমিটি করা হয়েছে, সেই কমিটির সদস্যরা যদি আগামী দিন কাজ না করে তাহলে তারাও বাদ পড়বে। দলের ঊর্ধ্বে কেউ নয়। রাজ্য কমিটির সিদ্ধান্ত অনুসারে তালিকা ঘোষণা করা হয়েছে।
জেলা তৃণমূল সভাপতি সৌমেন বেলথরিয়া বলেন, বিষয়টি ঠিক জানা নেই। তবে সত্যিই যদি কোনও সমস্যা হয়ে থাকে, সে ক্ষেত্রে যাঁরা বিক্ষোভ দেখিয়েছেন,‌ তাঁরা দলকে জানাতে পারতেন। কারণ যদি কোনও সমস্যা হয়ে থাকে দল অবশ্যই তা পর্যালোচনা করবে। বিষয়টি দলীয়ভাবে খতিয়ে দেখা হবে।
সম্পর্কিত সংবাদ