Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

পুরুলিয়ায় রূপশ্রীর টাকা পেতে হবু বরের বয়স বাড়িয়ে ভুয়ো নথি জমা

পুরুলিয়ায় রূপশ্রীর টাকা পেতে হবু বরের বয়স বাড়িয়ে ভুয়ো নথি জমা
  • ২১ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সুকান্ত মাহাত, পুরুলিয়া: রূপশ্রীর প্রকল্পের টাকা পেতে গেলে কনের বয়স ১৮ ও বরের বয়স ২১ হতে হবে। এটাই সরকারি নিয়ম। কিন্তু পুরুলিয়া দু’ নম্বর ব্লকের বেলমা গ্রাম পঞ্চায়েতের পিঠাজোড় গ্রামের কন্যার হবু বরের বয়স ২১ হয়নি। ফলে রূপশ্রীর টাকা হাতছাড়া হওয়ার জোগাড়। তখন কনের পরামর্শে বিডিও অফিসে জন্মসাল দু’ বছর পিছিয়ে ভুয়ো নথি জমা দেয় হবু বর। তবে শেষ রক্ষা হয়নি। চালাকি ধরে ফেলেন বিডিও। হবু বরকে ডেকে চাপ দিতেই বেরিয়ে এল সত্যি।  
Advertisement
সম্প্রতি ওই গ্রামের এক যুবতী রূপশ্রী প্রকল্পের ২৫ হাজার টাকা পাওয়ার জন্য আবেদন করেন। মেয়ের বয়স ১৮ হলেও বরের বয়স ২১ হতে দু’ বছর বাকি। কাশীপুরের বাসিন্দা হবু বর জন্মের প্রমাণপত্র হিসেবে মাধ্যমিকের অ্যাডমিট কার্ডের জেরক্স কপি দিয়েছিলেন। ওই আবেদন খতিয়ে দেখার সময়েই সন্দেহ হয় পুরুলিয়া দু’ নম্বর ব্লকের বিডিও বাপি ধরের। তিনি সমস্ত নথির অরজিনাল কপি দেখতে চান। কিন্তু নানা অজুহাতে তা এড়িয়ে যাওয়া হয়। বিডিও বাপি ধর জানান, ওই আবেদনের সঙ্গে পাত্রের জন্ম তারিখের প্রমাণপত্র হিসেবে মাধ্যমিকের অ্যাডমিট কার্ডের জেরক্স কপি দেওয়া ছিল। কিন্তু ওই জেরক্স কপিতে জন্ম সালের টাইপ করার ধরন যেন আলাদা মনে হচ্ছিল। সন্দেহ হওয়া অরিজিনাল কপি দেখতে চাই। কিন্তু নানা অজুহাতে তা দেখাতে চাননি তাঁরা। অগত্যা নোটিস পাঠিয়ে শুনানি করা হয়। বিডিও আরও জানান, ভুল স্বীকার না করলে আবেদনকারী সহ হবু বরের নামে এফআইআর করা হবে বলে চাপ দিতেই সব সত্যি বেরিয়ে আসে। জেরক্স করার সময়েই কায়দা করে জন্মসাল দু’ বছর কমিয়ে দেওয়া হয়েছিল। ভুল স্বীকার করে মুচলেকা দেওয়ায় মানবিকতার খাতিরে আর থানায় অভিযোগ করা হয়নি। তবে উপস্থিত টাকা আর পাননি তাঁরা। তাঁদের আবেদন বাতিল করে দেওয়া হয়েছে। বিডিও আরও জানান, শুধুমাত্র বেলমা গ্রাম পঞ্চায়েতে নয়, রূপশ্রী প্রকল্পের সুবিধে পেতে অনেকে অনেক চালাকি করছেন। কেউ বিয়ের দীর্ঘদিন পর নতুন করে বিয়ের কার্ড ছাপিয়ে সমস্ত নথি দিয়ে আবেদন করছেন। কেউ আবার বিয়ের সময়ে কনে নাবালিকা থাকায়, বিয়ের পর ১৮ বছর বয়স হলেই আবেদন করছেন। চলতি অর্থবর্ষে ইতিমধ্যে পুরুলিয়া দু’ নম্বর ব্লকে রূপশ্রী প্রকল্পে ইতিমধ্যে ৮৭২ জনের আবেদন অনুমোদন করে মোট ২ কোটি ১৮ লক্ষ টাকা দিয়েছে রাজ্য সরকার। খুব তাড়াতাড়ি আরও ৩৫টি আবেদনের অনুমোদন আসবে। নির্দিষ্ট নিয়ম মেনে সঠিক সময়ে আবেদন করলে টাকা পেতে কোনও সমস্যাই হচ্ছে না। বিয়ের দিনের মধ্যেই টাকা অ্যাকাউন্টে পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে।
Advertisement
সম্পর্কিত সংবাদ