Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

পুরুলিয়ায় রাজ্যের প্রথম নাইট ম্যারাথনের উদ্যোগ

পুরুলিয়ায় রাজ্যের প্রথম নাইট ম্যারাথনের উদ্যোগ
  • ১৭ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
নিজস্ব প্রতিনিধি, পুরুলিয়া: পাহাড়-জঙ্গলের বুক চিরে দৌড়বেন প্রতিযোগীরা। পুরুলিয়ার অযোধ্যা পাহাড়ে এই প্রথম আয়োজিত হতে চলেছে নাইট ম্যারাথন। একদা মাও অধ্যুষিত পাহাড়ী এলাকায় এরকম ম্যারাথন, তাও আবার রাতের বেলায়-এই নজির অন্য কোথাও রয়েছে কি না সন্দেহ। সন্দেহ উড়িয়ে পুলিসের সাফ দাবি, একমাত্র বেঙ্গালুরুতে রাতে ম্যারাথন হওয়ার উদাহরণ রয়েছে। তবে বাংলার ইতিহাসে নেই। ফলে, এই ম্যারাথন যে এটা মাইলস্টোন হয়ে থেকে যাবে, তা আর বলার অপেক্ষা রাখে না। 
Advertisement
জেলা পুলিস সূত্রের খবর, আগামী ২২ ফেব্রুয়ারি এই অভিনব ম্যারাথনের আসর বসতে চলেছে। নাইট ম্যারাথনের স্লোগান ‘রান ফর অ্যাডভেঞ্চার’। মোট ১৪ কিলোমিটার দৌড় হবে। অযোধ্যা হিলটপ গ্রাউন্ড থেকে শুরু হবে ম্যারাথন। সেখান থেকে আপার ড্যাম পর্যন্ত গিয়ে আবার ফিরে এসে ম্যারাথন দৌড় শেষ হবে। ইতিমধ্যেই এনিয়ে রেজিস্ট্রেশন শুরু হয়েছে। হঠাৎ এই নাইট ম্যারাথনের ভাবনা কেন? জেলার পুলিস সুপার অভিজিৎ বন্দ্যোপাধ্যায় মনে করান, এক সময় এই অযোধ্যা মাও অধ্যুষিত ছিল। পর্যটকরা অযোধ্যামুখো হতেন না। সেই জায়গা থেকে এখন অযোধ্যা পর্যটকদের ফেভারিট ডেস্টিনেশন। পুলিস সুপারের সংযোজন, আমরা মূলত অযোধ্যার পর্যটনকে আরও বেশি করে মানুষের কাছে তুলে ধরতে চাইছি। অযোধ্যা যে নিরাপদ সেই বার্তা আমরা দিতে চাইছি। সেই কারণেই দিনের বেলা নয়, রাতের বেলায় এই ম্যারাথনের আয়োজন করছি। পাশাপাশি, জেলা পুলিসের সঙ্গে অযোধ্যার যে আত্মিক যোগ রয়েছে, সেকথাও বারংবার নিজের বক্তব্যে তুলে ধরেন পুলিস সুপার। তিনি বলেন, ম্যারাথনে স্থানীয় সংস্কৃতিকে তুলে ধরা হবে। জেলা পুলিস সূত্রে জানা গিয়েছে, মোট দু’টি বিভাগে এই ম্যারাথন হবে। একটি সর্ব সাধারণের জন্য। একটি শুধুমাত্র মহিলাদের জন্য। প্রায় ৫০০জন প্রতিযোগী এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করবেন বলে মনে করা হচ্ছে। রেজিস্ট্রেশন ফি বাবদ ৫০০ টাকা ধার্য করা হয়েছে। জেলা পুলিসের ওয়েবসাইটে কিংবা কোনও থানায় গিয়ে রেজিস্ট্রেশন করা যাবে। প্রতিযোগীদের জন্য থাকছে আকর্ষণীয় পুরস্কার। সর্বসাধারণ ক্যাটাগরিতে প্রথম ২৫জন সফল প্রতিযোগীকে পুরস্কৃত করা হবে। প্রথম পুরস্কার থাকছে ৬০হাজার টাকা। দ্বিতীয় ও তৃতীয় পুরস্কার যথাক্রমে ৩০হাজার ও ২০হাজার টাকা। মহিলাদের বিভাগে প্রথম ১৫জন সফল প্রতিযোগীকে পুরস্কৃত করা হবে। প্রথম পুরস্কার থাকছে ৩০হাজার টাকা। দ্বিতীয় ২০হাজার ও তৃতীয় ১০হাজার টাকা।  নিজস্ব চিত্র
Advertisement
সম্পর্কিত সংবাদ