Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

পুরুলিয়া পুরসভার সাফাইকর্মীদের কর্মবিরতি অব্যাহত

পুরুলিয়া পুরসভার সাফাইকর্মীদের কর্মবিরতি অব্যাহত
  • ৫ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, পুরুলিয়া: ভাঁড়ে মা ভবানী পুরুলিয়া পুরসভার! দু’মাস ধরে বেতন বন্ধ রয়েছে সাফাইকর্মীদের। বেতন না পাওয়ায় মঙ্গলবার থেকে কর্মবিরতি শুরু করেছিলেন সাফাইকর্মীরা। বুধবারও তা অব্যাহত থাকল। -ফলে, শহরের আবর্জনা সাফাই না হওয়ায় প্রায় সমস্ত ভ্যাট ভর্তি হয়ে গিয়েছে। ভ্যাট উপচে আবর্জনা রাস্তায় এসে পড়ছে। বাজারগুলি সাফাই না হওয়ার এলাকায় দুর্গন্ধ ছড়াচ্ছে। এমনকী বাড়ির আবর্জনার বালতিও উপচে পড়ছে। বুধবার পুরুলিয়া পুরসভার সাফাই বিভাগের গাড়িখানা শেডে অনেকে এলেও কেউ কাজে যোগ দেননি। সাফাইকর্মীদের সঙ্গে কথা বলতে এদিন সকালেই গাড়িখানায় যান পুরুলিয়া পুরসভার চেয়ারম্যান নব্যেন্দু মাহালি। যদিও তাতে বরফ গলেনি। সাফাই বিভাগের অফিসেই পুরসভার অর্থ দপ্তরের আধিকারিকদের নিয়ে বৈঠকে বসেন চেয়ারম্যান। পুরসভার আর্থিক সঙ্কট সত্ত্বেও কোথা থেকে সাফাইকর্মীদের বেতন দেওয়া হবে, তা নিয়ে দীর্ঘ বৈঠক চলে। বৈঠক শেষে চেয়ারম্যান বলেন, সাফাইকর্মীদের বেতনের ব্যবস্থা হয়েছে। বৃহস্পতিবার থেকেই তাঁরা যাতে কাজ শুরু করেন, তার জন্য অনুরোধ করা হয়েছে।
Advertisement
পুরুলিয়া পুরসভায় সাফাই বিভাগে মোট প্রায় ৯৭২ জন কর্মী রয়েছেন। তাঁদের বেতন বাবদ প্রতি মাসে প্রায় ৪০ লক্ষ টাকা খরচ হয় পুরসভার। বিপুল পরিমাণ ওই টাকা যোগাড় করতে হিমশিম খাচ্ছে পুরসভা। পুরসভার নিজস্ব তহবিলের অবস্থা এমনিতেই শোচনীয়। এই পরিস্থিতিতে কোনও ঠিকাদার সংস্থাকে জঞ্জাল সাফাইয়ের দায়িত্ব দিতে চাইছে পুরসভা। চেয়ারম্যান বলেন, পুরসভার সাফাইকর্মীদের এমন অনেকেই আছেন, যাঁরা কাজে ফাঁকি মারেন। অথচ মাসের শেষে মাইনে গুনে নেন। এভাবে প্রতি মাসে ৪০ লক্ষ টাকা বেতন দিতে আমাদের সমস্যা হচ্ছে। তাই রেল থেকে হাসপাতাল এখন সব জায়গাতেই এজেন্সির মাধ্যমে কাজ হচ্ছে। আমরাও সেরকমই চাইছি।
সম্পর্কিত সংবাদ