সংবাদদাতা, পুরুলিয়া: পুরুলিয়া শহরেও এবার বাড়িতে বাড়িতে পাইপের মাধ্যমে গ্যাসের সংযোগ পাবেন বাসিন্দারা। ইতিমধ্যে এ বিষয়ে পুরুলিয়া পুর কর্তৃপক্ষের সঙ্গে প্রাথমিক আলোচনা শুরু করেছে পেট্রলিয়াম সংস্থা। পুর বোর্ডের অনুমোদন পেলেই পুরুলিয়া শহরে কাজ শুরু করতে চাইছে ওই সংস্থা।
Advertisement
পুরুলিয়া পুরসভা সূত্রে জানা গিয়েছে, ইতিমধ্যে ওই পেট্রলিয়াম সংস্থা পুরুলিয়া শহরের বিভিন্ন ওয়ার্ড পরিদর্শন করার পাশাপাশি কোনও কোনও পথে গ্যাসের পাইপ লাইন যাবে সেই ম্যাপও তৈরি করেছে। গোটা শহরের প্রজেক্ট রিপোর্ট তৈরি প্রায় শেষের মুখে। পুরুলিয়া পুরসভার সঙ্গে একাধিকবার বৈঠক পিছিয়ে যাওয়ার পর আগামী সোমবার ওই সংস্থার সঙ্গে ফের বৈঠক করবে পুরুলিয়া পুরসভা। তার আগে এদিন বৃহস্পতিবার সংস্থার দুই আধিকারিক পুরুলিয়া পুরসভায় আসেন। পুরসভার ভাইস চেয়ারম্যান ময়ূরী নন্দীর সঙ্গে প্রকল্পের বিষয়ে প্রাথমিক কথাবার্তাও হয় ওই পেট্রলিয়াম সংস্থার আধিকারিকদের। পুরসভার একাধিক আধিকারিক ওই বৈঠকে উপস্থিত ছিলেন। ময়ূরী নন্দী বলেন, পেট্রলিয়াম সংস্থার বাঁকুড়া জোনের ম্যানেজার সহ দুজন আধিকারিক এসছিলেন। তাঁদের সঙ্গে বাড়িতে বাড়িতে গ্যাসের সংযোগের জন্য পাইপ লাইন পাতার বিষয়ে প্রাথমিক আলোচনা হয়েছে। তবে ওই সংস্থা শহরের ২২টি ওয়ার্ডের ম্যাপ তৈরি করে এসেছিল। কিন্তু পুরুলিয়া শহরে মোট ২৩টি ওয়ার্ড রয়েছে। ওই ওয়ার্ডের ম্যাপ তাঁদের কাছে ছিল না। ২৩ নম্বর ওয়ার্ডের ম্যাপ তাঁরা তৈরি করবেন বলে জানিয়েছেন। দুই-একদিনের মধ্যেই এলাকা পরিদর্শন করে দেখবেন। ভাইস চেয়ারম্যান আরও বলেন, ওই সংস্থা সমস্ত নথি সহ বিস্তারিত তথ্য পুরসভাকে জানানোর পর কাজের জন্য আবেদন করবেন। সেই আবেদনের বিষয়ে পুরসভার বোর্ড মিটিংয়ে আলোচনা হবে। পুরুলিয়া পুরসভার বোর্ড অনুমতি দিলে তবে কাজ শুরু করবে ওই সংস্থা। ময়ূরী দেবী আরও জানান, যে সমস্ত এলাকা দিয়ে ওই সংস্থার পাইপ লাইন যাবে সেখানে রাস্তা সহ পুরসভার কোনও সম্পত্তির ক্ষতি হলে তা ঠিক করে দেওয়ার দায়িত্বও ওই সংস্থাটিকে নিতে হবে। প্রাথমিকভাবে বিষয়টি তাঁদের জানিয়েও দেওয়া হয়েছে। তবে এ বিষয়ে পরবর্তী বৈঠকের পরে বিস্তারিত বলা যাবে। এ বিষয়ে পুরুলিয়া পুরসভার চেয়ারম্যান নব্যেন্দু মাহালী বলেন, ওই পেট্রলিয়াম সংস্থার সঙ্গে বিস্তারিত বৈঠকের পরই গোটা বিষয়টি স্পষ্ট হবে। এখনই এ বিষয়ে কোনও মন্তব্য করা ঠিক হবে না।



