Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

পুরুলিয়ায় নিয়ম ভেঙে বহুতল তৈরির অভিযোগ

পুরুলিয়ায় নিয়ম ভেঙে বহুতল তৈরির অভিযোগ
  • ২৮ নভেম্বর, ২০২৪ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, পুরুলিয়া: পুরসভার নিয়মের তোয়াক্কা না করে, আইন ভেঙে বহুতল তৈরির অভিযোগ উঠল পুরুলিয়ায়। শহরের ৫নম্বর ওয়ার্ডের ভাটবাঁধের নিউ কলোনি এলাকার বাসিন্দারা বুধবার পুরসভায় অভিযোগ জানান। চেয়ারম্যান নব্যেন্দু মাহালি না থাকায় ভাইস চেয়ারপার্সন ময়ূরী নন্দীর কাছে তাঁরা অভিযোগপত্র জমা দেন। ভাইস চেয়ারপার্সন সরেজমিনে তদন্ত করতে পুরসভার ইঞ্জিনিয়ারদের নিউ কলোনি এলাকায় পাঠান। বিষয়টি মিটমাট না হওয়া পর্যন্ত কাজ বন্ধ রাখার নির্দেশও দিয়েছেন তিনি। নিউ কলোনির বাসিন্দা মান্না বেরা, মিশু গঙ্গোপাধ্যায়, ছায়াবনী রজকদের অভিযোগ, ওই এলাকায় সম্পূর্ণ অবৈধভাবে বহুতল তৈরি হচ্ছে। পুরসভার কোনও নিয়মকেই তোয়াক্কা করা হচ্ছে না। ফ্ল্যাট তৈরির জন্য যতটা ছাড় দেওয়া প্রয়োজন, ততটা ছাড় দেওয়া হয়নি। নিকাশি ব্যবস্থাও নেই। বহুতলের কাজ চলায় তার আওয়াজে আশপাশের বাসিন্দারা অতিষ্ঠ। নিউ কলোনি ষোলোআনা কমিটির কার্যনির্বাহী সম্পাদক জীতেন্দ্রনাথ রজক বলেন, যে জায়গায় ওই বহুতল তৈরি হচ্ছে, তা নিয়ে অনেক বিতর্ক রয়েছে। এভাবে পাড়ার মধ্যে বহুতল তৈরি হলে বাসিন্দাদের সমস্যা বাড়বে।
Advertisement
স্থানীয় কাউন্সিলার বিভাসরঞ্জন দাস বলেন, বাসিন্দারা আমার কাছেও এবিষয়ে অভিযোগ জানিয়েছেন। কোনও নিয়মের তোয়াক্কা না করেই ওই বহুতল হচ্ছে। জলের জন্য যে সাবমার্সিবল পাম্প করা হয়েছে, তার জন্য পুরসভার অনুমোদন নেওয়া হয়নি। আমি বাসিন্দাদের সঙ্গে আছি। বুধবার বাসিন্দাদের সঙ্গে নিয়ে পুরসভায় যান বিভাসবাবু। চেয়ারম্যান জরুরি কাজে শহরের বাইরে থাকায় ভাইস চেয়ারপার্সনের সঙ্গেই তাঁরা দেখা করেন। ভাইস চেয়ারপার্সন বলেন, বিষয়টি খতিয়ে দেখতে ইঞ্জিনিয়ার পাঠানো হয়েছিল। তিনি তদন্ত করে এসেছেন। যিনি বহুতল তৈরি করছেন, তাঁর কাছে কাগজপত্র দেখতে চাওয়া হবে। যদি প্রয়োজনীয় কাগজপত্র না থাকে, তাহলে সেই অনুযায়ী পদক্ষেপ করা হবে।
সম্পর্কিত সংবাদ