Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

পুরুলিয়ায় দুঃসাহসিক চুরি, চাঞ্চল্য

পুরুলিয়ায় দুঃসাহসিক চুরি, চাঞ্চল্য
  • ৮ নভেম্বর, ২০২৪ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, পুরুলিয়া: বাড়িতে না থাকার সুযোগে বুধবার দুঃসাহাসিক চুরির ঘটনা ঘটল পুরুলিয়ায়। নগদ প্রায় ৩০হাজার টাকা, সোনা ও রুপোর গয়না, বাসনপত্র সহ লক্ষাধিক টাকার সামগ্রী চুরি গিয়েছে বলে দাবি গৃহকর্ত্রীর। ঘটনায় পুরুলিয়া শহর সংলগ্ন কাপুর বাগান এলাকায় চাঞ্চল্য ছড়ায়। পুরুলিয়া মফস্‌সল থানায় এনিয়ে লিখিত অভিযোগ হয়েছে। পুলিস ঘটনার তদন্ত শুরু করেছে। 
Advertisement
স্থানীয় ও পুলিস সূত্রে জানা গিয়েছে, স্থানীয় বাসিন্দা সোনা চট্টোপাধ্যায়ের বাড়িতেই এই চুরির ঘটনা ঘটে। সোনাদেবীর স্বামী মারা গিয়েছেন দীর্ঘদিন আগেই। দুই মেয়ের বিয়ে দিয়ে দিয়েছেন। কাপুর বাগানের বাড়িতে তিনি একাই থাকতেন। মহিলার দাবি, বুধবার তিনি আত্মীয়ের বাড়িতে একটি অনুষ্ঠানে যোগ দিতে গিয়েছিলেন। রাতে ফেরার কথা থাকলেও সেখানেই আটকে যান। বৃহস্পতিবার সকালে বাড়ি ফিরে তাঁর কার্যত চক্ষু চড়কগাছ হওয়ার জোগাড় হয়। দেখেন বাড়ির মূল গেটের তালা ভাঙা। ভিতরে ঢুকে দেখেন, সবকিছু লন্ডভন্ড হয়ে রয়েছে। ওই মহিলা বলেন, বাড়িতে আলমারিতে সোনাদানা রাখা ছিল। প্রায় পাঁচ ভরি সোনার গয়না ছিল। এছাড়াও রুপোর গয়না ও নগদ ৩০হাজার টাকা ছিল। আলমারির লকার ভেঙে দুষ্কৃতীরা সেই সব নিয়ে গিয়েছে। কাঁসার বাসনও দুষ্কৃতীরা চুরি করেছে। এমনকী ব্যাঙ্কের বইগুলিও ছাড়েনি। সেগুলিও নিয়ে গিয়েছে। সমস্ত ঘর তছনছ করে দিয়ে পালিয়ে যায়। মহিলার মেয়ে প্রিয়া চট্টোপাধ্যায় বলেন, আমি শ্বশুরবাড়িতে ছিলাম। সকালেই মা ফোন করে ঘটনায় কথা জানায়। তড়িঘড়ি আমরা বাড়িতে আসি। দেখি সর্বস্ব লুট হয়েছে। এই ঘটনায় এলাকার নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলছেন স্থানীয়রা। পুলিসের ভূমিকায় তাঁরা ক্ষুব্ধ। পুলিস জানিয়েছে,  আশেপাশের বিভিন্ন বাড়ি ও দোকানের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হচ্ছে।
সম্পর্কিত সংবাদ