নিজস্ব প্রতিনিধি, পুরুলিয়া: মাত্র এক সপ্তাহের দুয়ারে সরকার শিবিরে রেকর্ড সংখ্যক মানুষ ভিড় জমালেন পুরুলিয়ায়। নবম দফার দুয়ারে সরকারের বিভিন্ন শিবিরে পুরুলিয়ায় মোট প্রায় দু’লক্ষ মানুষ এসেছেন। বিভিন্ন সরকারি পরিষেবার জন্য প্রায় দু’লক্ষ ২৭হাজার আবেদন জমা পড়েছে। তারমধ্যে অর্ধেক আবেদনই লক্ষ্মীর ভাণ্ডার ও বার্ধক্য ভাতা প্রকল্পের। অতিরিক্ত জেলাশাসক(উন্নয়ন) সুদীপ পাল বলেন, যেসব আবেদন জমা পড়েছে তা খতিয়ে দেখে প্রয়োজনীয় পদক্ষেপ করা হবে। গত ২৪জানুয়ারি থেকে শুরু হয়েছিল নবম দফার দুয়ারে সরকার শিবির। চলেছে ১ফেব্রুয়ারি পর্যন্ত। এবারের দুয়ারে সরকার শিবিরে মোট ৩৭টি সরকারি প্রকল্পের পরিষেবা দেওয়ার ব্যবস্থা করা হয়েছিল। সাধারণ মানুষের কাছে সরকারি পরিষেবা পৌঁছে দিতে এবারের দুয়ারে সরকারে সবচেয়ে বেশি সংখ্যক শিবিরের আয়োজন করেছিল জেলা প্রশাসন। সেইসঙ্গে ছিল ভ্রাম্যমাণ শিবিরও। জেলা প্রশাসন সূত্রের খবর, এবারের ৩৫১৭টি শিবিরের বন্দোবস্ত করা হয়েছিল। পাশাপাশি বিভিন্ন প্রান্তিক এলাকার মানুষদের পরিষেবা পৌঁছে দিতে ১৬৪০টি ভ্রাম্যমাণ শিবিরেরও আয়োজন করেছিল জেলা প্রশাসন।
Advertisement
প্রশাসন সূত্রের খবর, মোট ২লক্ষ ২৭হাজার আবেদনের মধ্যে সবচেয়ে বেশি আবেদন জমা পড়েছে বিনামূল্যে সামাজিক সুরক্ষা যোজনায়। এই প্রকল্পের মোট ৬৭হাজার ১২৪টি আবেদন জমা পড়েছে। এরপরই রয়েছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প। এই প্রকল্পের ৫৭হাজার ২১৯টি আবেদন জমা পড়েছে। বার্ধক্য ভাতায় আবেদন জমা পড়েছে ৪১হাজার ৪৭৬টি।



