Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

পুরুলিয়া, বাঁকুড়া ও আরামবাগে যথাযোগ্য মর্যাদায় পালিত ভাষা দিবস

পুরুলিয়া, বাঁকুড়া ও আরামবাগে যথাযোগ্য মর্যাদায় পালিত ভাষা দিবস
  • ২২ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
নিজস্ব প্রতিনিধি ও সংবাদদাতা: শুক্রবার বাঁকুড়া, পুরুলিয়া ও আরামবাগে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়। শোভাযাত্রা সহ নানা অনুষ্ঠানের মাধ্যমে মাতৃভাষা দিবস পালন করেছে সরকারি ও বেসরকারি নানা প্রতিষ্ঠান। 
Advertisement
এদিন পুরুলিয়া জেলা প্রশাসনের উদ্যোগে শহরের রবীন্দ্রভবনে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়। সেখানে উপস্থিত ছিলেন পুরুলিয়া জেলা পরিষদের সভাধিপতি নিবেদিতা মাহাত, পুরসভার চেয়ারম্যান নব্যেন্দু মাহালি সহ অন্যান্যরা। এছাড়া জেলার অন্যান্য স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে দিনটি পালিত হয়। 
বাঁকুড়াতেও যথোচিত মর্যাদায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়। সরকারি ও বেসরকারি উদ্যোগে জেলাজুড়ে নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়। বাঁকুড়া জেলা প্রশাসনের উদ্যোগে সংখ্যালঘু ভবনে কেন্দ্রীয়ভাবে দিনটি পালন করা হয়। সেখানে বাঁকুড়া জেলা পরিষদের সহ সভাধিপতি পরিতোষ কিস্কু, অতিরিক্ত জেলাশাসক (সাধারণ) নকুলচন্দ্র মাহাত, সদর মহকুমা শাসক অয়ন দত্তগুপ্ত সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। অতিরিক্ত জেলাশাসক বলেন, এদিনের অনুষ্ঠানে উপস্থিত অধ্যাপক, শিক্ষকরা ভাষা দিবসের তাৎপর্য বিশ্লেষণ করেন। পাশাপাশি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেখানে শিল্পীরা নানা ধরনের অনুষ্ঠান পরিবেশন করেন। জেলাস্তরের পাশাপাশি এদিন মহকুমা ও ব্লক স্তরেও দিনটি পালিত হয়।  
আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে সোনামুখীর একটি প্রাইমারি স্কুলে অভিভাবকদের নিয়ে শুধু বাংলায় বলার অভিনব প্রতিযোগিতা হয়। ওই উপলক্ষ্যে শুক্রবার মদনপুর-জয়নগর প্রাইমারি স্কুলে নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়। সকালে ছাত্রছাত্রীদের নিয়ে শোভাযাত্রা, আলোচনা, সাংস্কৃতিক অনুষ্ঠানের পাশাপাশি অভিভাবকদের নিয়ে এক মিনিট ধরে শুধু বাংলায় কথা বলার প্রতিযোগিতা হয়। তাতে সফলদের বিদ্যালয়ের পক্ষ থেকে পুরস্কৃত করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় ডিহিপাড়া পঞ্চায়েতের উপপ্রধান পাপিয়া বাউরি। 
অন্যদিকে এদিন বিষ্ণুপুর মহকুমা তথ্য ও সংস্কৃতি দপ্তরের উদ্যোগে নানা অনুষ্ঠানের মাধ্যমে দিনটি পালিত হয়। অনুষ্ঠানে সংশ্লিষ্ট দপ্তরের আধিকারিক সৌমী দাস ছাড়াও বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন। 
অন্যদিকে, আরামবাগেও পালিত হয়েছে মাতৃভাষা দিবস। একটি সংগঠনের উদ্যোগে আরামবাগ শহরে শোভাযাত্রা বের হয়। শহরে থাকা বিভিন্ন মনীষীর মূর্তিতে মাল্যদান করা হয়। এছাড়া মহকুমা তথ্য ও সংস্কৃতি দপ্তরের উদ্যোগে মহকুমা গ্রন্থগারের ব্যবস্থাপনায় মাতৃভাষা দিবস পালন হয়। মহকুমা গ্রন্থগারের সভাকক্ষে দিনটি পালিত হয়। সেখানে ভাষা দিবস উপলক্ষ্যে নানা সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। তারসঙ্গে দিনটির তাৎপর্য আলোচনা করেন শিক্ষাবিদরা।
Advertisement
সম্পর্কিত সংবাদ