Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

পুরুলিয়ায় আরও ছাত্রছাত্রীর ট্যাবের টাকা অন্য অ্যাকাউন্টে

পুরুলিয়ায় আরও ছাত্রছাত্রীর ট্যাবের টাকা অন্য অ্যাকাউন্টে
  • ১৮ নভেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, মানবাজার ও রঘুনাথপুর: রাজ্য সরকারের "তরুণের স্বপ্ন প্রকল্পে" ট্যাবের টাকা ছাত্রছাত্রীদের অ্যাকাউন্টে না ঢুকে অন্য অ্যাকাউন্টে ঢুকেছে। পুরুলিয়ার মানবাজার মহকুমার তিনটি স্কুলে এমন ঘটনায় শোরগোল পড়ে গিয়েছে। বান্দোয়ান, বোরো ও কেন্দা থানা এলাকার পৃথক তিনটি স্কুলের মোট ছ’জন ছাত্রছাত্রীর টাকা অন্য অ্যাকাউন্টে ঢুকেছে বলে অভিযোগ। ওই টাকা পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ দিনাজপুর, হুগলি ও কলকাতার বিভিন্ন অ্যাকাউন্টে ঢুকেছে, এমনই তথ্য উঠে আসছে। শনিবার এ নিয়ে স্কুলগুলির তরফে তিনটি থানায় লিখিত অভিযোগ জানানো হয়েছে। অভিযোগের ভিত্তিতে বান্দোয়ান, বোরো ও কেন্দা থানায় মামলা রুজু হয়েছে। পুলিস ঘটনার তদন্ত শুরু করেছে।
Advertisement
শনিবার বান্দোয়ান ঋষি নিবারণ চন্দ্র বিদ্যাপীঠ স্কুলের প্রধান শিক্ষিকা কাকলি আচার্য স্কুলের তিন পড়ুয়ার টাকা অন্য অ্যাকাউন্টে ঢোকার বিষয়ে অভিযোগ জানান। অভিযোগের পরিপ্রেক্ষিতে বান্দোয়ান থানার পুলিস নির্দিষ্ট ধারায় মামলা রুজু করে ঘটনা তদন্ত শুরু করেছে। জানা গিয়েছে, ওই স্কুলের দু’জন ছাত্রীর ট্যাবের টাকা পূর্ব মেদিনীপুরের তমলুকের একটি ব্যাঙ্কে ও আর একজনের টাকা দক্ষিণ দিনাজপুরের একটি ব্যাঙ্কে ঢুকেছে।
প্রধান শিক্ষিকা পুলিসকে জানান, ছাত্রছাত্রীদের বেনিফিসিয়ারি তালিকা তৈরির সময় ওই তিনজন ছাত্রছাত্রীর অ্যাকাউন্টের বিবরণ সঠিক ছিল। কিন্তু কীভাবে তাদের অ্যাকাউন্ট নম্বর বদলে গেল তা রহস্যজনক। আপাতদৃষ্টিতে বিষয়টি জালিয়াতি বা সাইবার ক্রাইম বলেই  অভিযোগ প্রধান শিক্ষিকার।
বোরোর গোলাপাড়া রঘুনাথ হাই স্কুলের দু’জন ছাত্রছাত্রীর টাকা অন্য অ্যাকাউন্টে ঢুকেছে। এ নিয়ে ওই স্কুলের টিচার ইনচার্জ শোভারাম মুর্মু শনিবার বোরো থানায় অভিযোগ জানান। স্কুল সূত্রে জানা গিয়েছে, ওই স্কুলের দুই পড়ুয়ার টাকা হুগলির কোনও অ্যাকাউন্টে ঢুকেছে। 
কেন্দার বিজয়ডি হাই স্কুলের এক ছাত্রীর ট্যাবের টাকা কলকাতার একটি ব্যাঙ্কের অ্যাকাউন্টে ঢুকেছে। এ নিয়ে স্কুলের তরফে কেন্দা থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। পুলিস ঘটনা তদন্ত শুরু করেছে।
সাঁওতালডিহি থানা এলাকার এক ছাত্রীর ট্যাবের টাকা অন্য অ্যাকাউন্টে ঢুকেছে। সাঁওতালডিহি থার্মাল পাওয়ার স্টেশন গার্লস হাইস্কুলের ছাত্রীর টাকা অন্য অ্যাকাউন্টে চলে গিয়েছে। স্কুল কর্তৃপক্ষের তরফ থেকে সাঁওতালডিহি থানায় লিখিত অভিযোগ জানানো হয়েছে। বিদ্যালয়ের টিআইসি শ্রাবণী মুখোপাধ্যায় বলেন, পূজা রজক নামে দ্বাদশ শ্রেণির ছাত্রীর তরুণের স্বপ্ন প্রকল্পের ১০ হাজার টাকা অন্য অ্যাকাউন্টে ক্রেডিট হয়েছে। বিষয়টি জানার পরেই পুলিসকে জানানো হয়েছে।
সম্পর্কিত সংবাদ