Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

পুরুলিয়ায় আজ থেকে ভোটার তালিকা যাচাইয়ে নামছে তৃণমূল

পুরুলিয়ায় আজ থেকে ভোটার তালিকা যাচাইয়ে নামছে তৃণমূল
  • ২ মার্চ, ২০২৫ ০০:০০
Prefer us on Google
নিজস্ব প্রতিনিধি, পুরুলিয়া: নিচুতলার কর্মীদের ভোটার তালিকা যাচাইয়ের কাজ শুরুর নির্দেশ দিলেন পুরুলিয়া সাংগঠনিক জেলা তৃণমূলের সভাপতি সৌমেন বেলথরিয়া। শনিবার জেলা তৃণমূলের কার্যালয়ে দলের নেতাদের নিয়ে তিনি বৈঠক করেন। বৈঠকে ছিলেন মন্ত্রী সন্ধ্যারানি টুডু, জেলা পরিষদের সভাধিপতি নিবেদিতা মাহাত, সহ সভাধিপতি সুজয় বন্দ্যোপাধ্যায় প্রমুখ। দলের সমস্ত শাখা সংগঠনের জেলা সভাপতি, শহর সভাপতি, পুরসভাগুলির চেয়ারম্যান ও সমস্ত ব্লকের সভাপতিরা উপস্থিত ছিলেন। জেলা তৃণমূল সভাপতি বলেন, রবিবার থেকেই ভোটার তালিকা ধরে ধরে যাচাইয়ের কাজ শুরু হবে। কর্মীরা বাড়ি বাড়ি গিয়ে ভোটার সংক্রান্ত তথ্য খতিয়ে দেখবেন। বুথ সভাপতিদের এব্যাপারে বেশি করে সক্রিয় হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। তিনি আরও বলেন, পুরুলিয়ার বিভিন্ন ব্লকের সঙ্গে ঝাড়খণ্ডের সীমানা রয়েছে। সেইসব এলাকায় ভুয়ো ভোটার রয়েছে কি না, তা খতিয়ে দেখতে বাড়তি দায়িত্ব নিতে হবে বুথ সভাপতিদের। কোনও ভোটারের তথ্য নিয়ে সন্দেহ হলে তড়িঘড়ি তা আমাদের জানতে হবে। আমরা তা প্রশাসনকে জানাব। জেলার মহিলা তৃণমূল সভানেত্রী সুমিতা সিং মল্ল বলেন, রবিবার থেকেই আমরা ভোটার তালিকা যাচাইয়ের কাজে বাড়ি বাড়ি যাব। সেইসঙ্গে বিধানসভার কথা মাথায় রেখে এখন থেকেই দলের হয়ে প্রচারের কাজও শুরু করব।
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ