Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

পুরুলিয়ায় ৪০০ বিঘা জমিতে পেঁয়াজ চাষের উদ্যোগ

পুরুলিয়ায় ৪০০ বিঘা জমিতে পেঁয়াজ চাষের উদ্যোগ
  • ১৮ নভেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, পুরুলিয়া: পরীক্ষামূলকভাবে পুরুলিয়া জেলায় ৪০০ বিঘা জমিতে বর্ষাকালীন পেঁয়াজ চাষের টার্গেট নিয়েছে জেলা উদ্যানপালন দপ্তর। চলতি বছরে মাত্র তিনটি ব্লকে বর্ষাকালে পেঁয়াজ চাষ করা হলেও আগামী দিনে তা পুরুলিয়া জেলার অন্যান্য ব্লকেও ছড়িয়ে দিতে চাইছে প্রশাসন। জেলা উদ্যানপালন দপ্তর সূত্রে জানা গিয়েছে, প্রথামাফিক শীতকালে যে পেঁয়াজ চাষ হয়, তার পাশাপাশি বছরের আরেক সময় বর্ষাকালে পেঁয়াজ উৎপাদন বাড়াতে চাইছে দপ্তর। বর্ষাকালে ওই পেঁয়াজ চাষ ভালোভাবে করা সম্ভব হলে একদিকে যেমন চাষিরা পেঁয়াজের ভালো দাম পাবেন,  তেমনি পেঁয়াজের বাজারে দামও নিয়ন্ত্রিত থাকবে। জানা গিয়েছে, চলতি বছরে পুরুলিয়া ২  ব্লক, বলরামপুর এবং বরাবাজার ব্লকে বর্ষাকালে পেঁয়াজ  চাষে সাফল্য এসেছে। পুরুলিয়া জেলা উদ্যানপালন দপ্তরের ডেপুটি ডিরেক্টর কৃষ্ণেন্দু নন্দন বলেন, নতুন চাষ হিসেবে বর্ষাকালে পেঁয়াজ চাষে আলাদাভাবে উৎসাহ দেওয়া হচ্ছে। তবে এই ক্ষেত্রে নির্দিষ্ট একটি বীজ থেকেই এই সময় চাষ করা হচ্ছে। কেন্দ্রীয় সরকারের এনএইচআরডিএ নামক সংস্থা ‘এগ্রি ফাউন্ড ডার্ক রেড› বা এডিএর নামে একটি বীজ উৎপাদন করে। ওই পেঁয়াজ বীজ উদ্যানপালন দপ্তরের পক্ষ থেকে বিনামূল্যে চাষিদের বিতরণ করা হয়। ওই নির্দিষ্ট বীজ দিয়েই বর্ষাকালে পেঁয়াজ চাষ করা সম্ভব হচ্ছে। তিনি আরও জানান, পুরুলিয়াতে মাঝারি উঁচু জমিতে জমা জলের সমস্যা নেই। তাই সেখানে এই চাষ ভালো হতে পারে। বৃষ্টির অনিশ্চয়তা নিয়ে খানিকটা সমস্যা থাকলেও তা বড় আকার ধারণ করবে না বর্ষাকালে পেঁয়াজ চাষের ক্ষেত্রে। উদ্যানপালন দপ্তর সূত্রে আরও জানা গিয়েছে, চলতি বছরে মাত্র তিনটি ব্লকে বর্ষাকালীন পেঁয়াজ চাষ করা হলেও আগামী বছর প্রায় ৪০০ বিঘা জমিতে এই চাষ করার টার্গেট।
Advertisement
সম্পর্কিত সংবাদ