Bartaman Logo
১০ জুন, ২০২৬

প্রাক্তন সেবি প্রধানের বিরুদ্ধে এফআইআরের নির্দেশ কোর্টের

প্রাক্তন সেবি প্রধানের বিরুদ্ধে এফআইআরের নির্দেশ কোর্টের
  • ৩ মার্চ, ২০২৫ ০০:০০
Prefer us on Google
মুম্বই: বিপাকে পড়লেন সেবির প্রাক্তন চেয়ারপার্সন মাধবী পুরী বুচ। শেয়ার বাজারে অন্যায্যভাবে প্রভাব খাটানোর অভিযোগে তাঁর বিরুদ্ধে এফআইআর দায়েরের নির্দেশ দিল মুম্বইয়ের একটি বিশেষ আদালত। এছাড়াও আরও পাঁচজনের বিরুদ্ধে এফআইআর দায়ের করতে বলা হয়েছে। শনিবার দুর্নীতি দমন আদালতের (এসিবি) বিচারক শক্তিকান্ত একনাথরাও বলেন, ‘প্রাথমিক তদন্তে বেশ কিছু গরমিল ধরা পড়েছে। তাই এর স্বচ্ছ এবং নিরপেক্ষ তদন্ত প্রয়োজন।’ আদালতের নজরদারিতে তদন্ত চলবে বলে জানানো হয়েছে। ৩০ দিনের মধ্যে স্ট্যাটাস রিপোর্ট জমা দিতে হবে। জেনেবুঝে এই অপরাধ করা হয়েছে বলে যে অভিযোগ উঠেছে, তারও তদন্ত প্রয়োজন বলে আদালত জানিয়েছে। 
Advertisement
ভারতের শেয়ার বাজার নিয়ন্ত্রক সংস্থার সদ্য প্রাক্তন চেয়ারপার্সন সহ ছ’জনের বিরুদ্ধে আদালতে মামলা করেন এক সাংবাদিক। আর্জিতে তিনি বলেন, ওই ব্যক্তিদের বিরুদ্ধে ওঠা অভিযোগের যথাযথ তদন্ত করা হচ্ছে না। সেবি তার দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছে। মাধবীর বিরুদ্ধে তদন্ত চেয়ে তিনি সেবি এবং পুলিসের কাছে আর্জি জানিয়েছিলেন। কিন্তু কোনও ব্যবস্থাই নেওয়া হয়নি। ওই আর্জির ভিত্তিতেই মুম্বই রিজিওনের দুর্নীতি দমন শাখা (এসিবি)কে  মাধবী সহ ছ’জনের বিরুদ্ধে এফআইআর দায়েরের নির্দেশ দিয়েছে আদালত। 
উল্লেখ্য, গত বছরই মার্কিন শর্ট সেলার সংস্থার রিপোর্টে মাধবীর বিরুদ্ধে একাধিক বেনিয়মের অভিযোগ তোলা হয়েছিল। তাঁর ইস্তফার দাবি তুলেছিল কংগ্রেস।
Advertisement
সম্পর্কিত সংবাদ