সংবাদদাতা, কালনা: প্রাক্তন প্রেমিক উত্ত্যক্ত করায় আত্মঘাতী হলেন এক যুবতী। বুধবার বিকেলে ঘরে তাঁকে গলায় ফাঁস দিয়ে ঝুলতে দেখে পরিবারের লোকেরা। মৃতার নাম অঞ্জলী দেবনাথ (১৮)। বাড়ি নাদনঘাট থানার পরানপুরে। বৃহস্পতিবার কালনা মহকুমা হাসপাতালে মৃতদেহ ময়নাতদন্ত হয়। পুলিস ঘটনার তদন্ত শুরু করেছে। মৃতার পরিবার ও পুলিস সূত্রে জানা গিয়েছে, নাদনঘাট থানার জাহান্নগর পরানপুরের বাসিন্দা অঞ্জলী দেবনাথের সঙ্গে পাশের গ্রামের এক যুবকের প্রেমের সম্পর্ক ছিল। যুবতীর পরিবার তা কথা জানতে পেরে মেয়েকে বুঝিয়ে সম্পর্ক ছিন্ন করতে বলে। যুবতী যোগাযোগ রাখতে না চাইলেও স্কুলে আসা যাওয়ার পথে ওই যুবক উত্ত্যক্ত করত। বাধ্য হয়ে যুবতী পড়াশুনা বন্ধ করে দেয়। এদিকে ওই যুবক ফোনে নানাভাবে বিরক্ত করতে থাকে। মোবাইলে এসএমএস করে তাঁর ছবি ছড়িয়ে দেওয়ার হুমকি দেয়। এমনকী অন্যত্র বিয়ে করলে শ্বশুরবাড়িতে গিয়ে ছবি দেখিয়ে সংসারে অশান্তি তৈরি করবে বলেও হুমকি দিতে থাকে বলে অভিযোগ। মৃতার কাকা স্বপন দেবনাথ বলেন, সমস্ত সম্পর্ক ছিন্ন করলেও যুবকটি নানা ভাবে ভাইঝিকে হুমকি দিত। রাস্তায় বের হলে কটুক্তি করত। ভাইঝি ঘরবন্দি হয়ে অবসাদগ্রস্ত হয়ে পড়ে। বুধবার বিকেলে ঘরে ওকে গলায় ফাঁস দিয়ে ঝুলতে দেখা যায়। আমাদের দৃঢ় বিশ্বাস ওই যুবক আত্মহত্যার প্ররোচনা দেওয়ায় জন্যই ভাইঝির এই পরিণতি হয়। ভাইঝির মৃত্যুর জন্য ওই যুবকই দায়ী। নাদনঘাট থানায় লিখিত অভিযোগ জানানো হয়েছে। আমরা চাই পুলিস উপযুক্ত ব্যবস্থা নিক।



