Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

প্রাক্তন প্রধানমন্ত্রীর মৃত্যুতে পৌষমেলার বিনোদন মঞ্চে সাংস্কৃতিক অনুষ্ঠান বাতিল

প্রাক্তন প্রধানমন্ত্রীর মৃত্যুতে পৌষমেলার বিনোদন মঞ্চে সাংস্কৃতিক অনুষ্ঠান বাতিল
  • ২৮ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা বোলপুর: বৃহস্পতিবার রাতে প্রয়াত হয়েছেন দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী তথা বিশ্বভারতীর প্রাক্তন আচার্য মনমোহন সিং। তাঁর মৃত্যুর খবর জানাজানি হতেই সারাদেশে শোকের ছায়া নেমে এসেছে। ইতিমধ্যে কেন্দ্রের তরফে সাতদিনের জাতীয় শোক ঘোষণা করা হয়েছে। প্রধানমন্ত্রী পদে থাকাকালীন দীর্ঘদিন তিনি কবিগুরুর স্মৃতি বিজড়িত ঐতিহ্যবাহী বিশ্বভারতীর আচার্য পদে ছিলেন। ২০০৮ সালে শান্তিনিকেতনে এসে যোগ দিয়েছিলেন বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন উৎসবে। প্রাক্তন আচার্যের মৃত্যুর খবরে পৌষমেলার বিনোদন মঞ্চে সমস্ত সাংস্কৃতিক অনুষ্ঠান বাতিল করেছে বিশ্বভারতী কর্তৃপক্ষ। পাশাপাশি, উপাসনা গৃহে বিশেষ উপাসনার মধ্য দিয়ে প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রীকে স্মরণ করা হবে বলে বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত জনসংযোগ আধিকারিক অতিগ ঘোষ। 
Advertisement
এই মুহূর্তে শান্তিনিকেতনে পৌষমেলা চলছে। তাই প্রাক্তন আচার্যের মৃত্যুতে, তাঁকে স্মরণ করতে বিশেষ উদ্যোগ নিয়েছে বিশ্বভারতীর বর্তমান প্রশাসন। বৃহস্পতিবার রাতেই বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য বিনয়কুমার সোরেনের নির্দেশে তড়িঘড়ি বিজ্ঞপ্তি প্রকাশ করেন জনসংযোগ আধিকারিক। সেখানে তিনি জানান, প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের প্রয়াণে সারাদেশের পাশাপাশি বিশ্বভারতীও শোকাহত। তাই পৌষমেলায় বিনোদন মঞ্চে আয়োজিত সমস্ত সাংস্কৃতিক অনুষ্ঠান বাতিল করা হল। পাশাপাশি, প্রাক্তন আচার্যের স্মরণে শান্তিনিকেতনের উপাসনা গৃহে আগামী সোমবার বিশেষ স্মরণসভার আয়োজন করা হবে। এদিন সকাল হতেই বিনোদন মঞ্চ খুলে ফেলার কাজ শুরু হয়। ভারপ্রাপ্ত উপাচার্য বলেন, প্রাক্তন প্রধানমন্ত্রী তথা বিশ্ববিদ্যালয়ের আচার্যের প্রয়াণে দেশের বড় ক্ষতি হল। বিশ্বভারতীর প্রথা মেনে শান্তিনিকেতন উপাসনা গৃহে আগামী সোমবার তাঁকে স্মরণ করা হবে।
সম্পর্কিত সংবাদ