Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

প্রাক্তন পঞ্চায়েত সদস্যের বাড়ি লক্ষ্য করে বোমাবাজি

প্রাক্তন পঞ্চায়েত সদস্যের বাড়ি লক্ষ্য করে বোমাবাজি
  • ৫ জানুয়ারি, ২০২৫ ০০:০০
সংবাদদাতা, কাটোয়া: মঙ্গলকোটের দেবুচা গ্রামে দু’পক্ষের সংঘর্ষ ঘিরে উত্তেজনা ছড়াল। শাসকদলের প্রাক্তন পঞ্চায়েত সদস্যের বাড়ি লক্ষ্য করে শনিবার সকালে বোমাবাজি করার অভিযোগ ওঠে। তাঁর ভাইয়ের খড়ের পালুইয়ে আগুন ধরিয়ে দেওয়া হয়। বাড়িতেও ভাঙচুর চালানো হয়। ঘটনায় পুলিস দু’পক্ষের ছ’জনকে আটক করেছে। গ্রামে পুলিসি টহল চলছে। 
Advertisement
শুক্রবার রাতে ঝিলু-২ পঞ্চায়েতের দেবুচা গ্রামের তৃণমূলের প্রাক্তন পঞ্চায়েত সদস্য উজির মল্লিকের বাড়িতে হামলা চালানো হয়। পাশাপাশি তাঁর ভাই নাজির মল্লিকের খামারেও খড়ের পালুইতে আগুন ধরিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। আর এক সাকাতের টোটোয় ভাঙচুর চালানোর অভিযোগ ওঠে তাঁরই এক ভাইপোর বিরুদ্ধে। অনেকে একে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব বলে দাবি করলেও পারিবারিক বিবাদকে কেন্দ্র করে ঘটনা ঘটে বলে পাল্টা দাবি করা হয়। 
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, উজির সাহেবরা পাঁচ ভাই। প্রত্যেকেই আলাদা বাড়িতে থাকেন। কয়েকদিন ধরেই তাঁরই ভাই মনু মল্লিকের সঙ্গে অশান্তি চলছিল। অভিযোগ, এদিন মনু মল্লিকের ছেলের নেতৃত্বে হামলা চালানো হয়। যদিও পাল্টা প্রাক্তন পঞ্চায়েত সদস্য উজিরের বিরুদ্ধেও মারধরের অভিযোগ ওঠে। ‌঩উজিরের অনুগামী নাসির মোল্লা বলেন, বিধায়ক গোষ্ঠীর লোকজন হামলা চালিয়েছে। সকালে ব্যাপক বোমাবাজি করা হয়। বাড়িতে ভাঙচুর চালানো হয়। তাতে উজিরের এক ছেলে ও এক মেয়ে জখম হয়। সাকাতের মেয়েও সামান্য জখম হয়। 
মঙ্গলকোট থানার পুলিস জানিয়েছে, ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে। বিধায়ক অপূর্ব চৌধুরী বলেন, এটা সম্পূর্ণ পারিবারিক বিবাদ। এর সঙ্গে দলের কোনও সম্পর্ক নেই। অহেতুক রাজনীতি চাপিয়ে এলাকা গরম করার চেষ্টা করা হচ্ছে।
সম্পর্কিত সংবাদ