Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

প্রাক্তন কাউন্সিলারের জমি দখলের অভিযোগ ঘিরে সরগরম আসানসোল

প্রাক্তন কাউন্সিলারের জমি দখলের অভিযোগ ঘিরে সরগরম আসানসোল
  • ৩০ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, আসানসোল: জমি নিয়ে অশান্তি অব্যাহত আসানসোলে। এবার খোদ প্রাক্তন কাউন্সিলারের জমি দখল করে নেওয়ার অভিযোগ ঘিরে শোরগোল। আসানসোল পুরসভার ২৭ নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলার দীপক সাউয়ের অভিযোগ, তাঁর কেনা জায়গা জোর করে দখল করে নির্মাণ করছে জমি মাফিয়ারা। কোর্টের স্টে অর্ডারও মানছে না। তিনি বলেন, শনিবার মাফিয়াদের কাজে বাধা দিতে গেলে তাঁকে মারধর করা হয়। শুধু কাউন্সিলার নয়, বাদ যাচ্ছে না প্রভাবশালী নেতারাও। 
Advertisement
জানা গিয়েছে, আসানসোল উত্তর থানা এলাকাতেই এক কংগ্রেস ব্লক সভাপতির জমি দখলের চেষ্টা হয়। যদিও নিজের নাম প্রকাশ্যে আনতে চাননি নেতা। এতদিন আসানসোল সহ শিল্পাঞ্চলের বুকে নির্বিচারে সাধারণ মানুষের জমি লুট হয়েছে। এবার হাত পড়ছে প্রভাবশালীদের জমিতেও। শহরবাসীর প্রশ্ন, মুখ্যমন্ত্রীর ধমকের  পর পুলিস কয়েকজন জমি কারবারিকে গ্রেপ্তার করেছিল। তারপর কোনও অজানা কারণে জমি মাফিয়াদের বিরুদ্ধে তৎপরতা স্তব্ধ হয়ে গেল কেন।
আসানসোলের মেয়র বিধান উপাধ্যায় বলেন, দলনেত্রী স্পষ্ট জানিয়ে দিয়েছেন, কোনও ভাবেই জমি দখল বরদাস্ত করা হবে না। প্রাক্তন কাউন্সিলার আমাদের কাছে অভিযোগ করলে প্রয়োজনীয় পদক্ষেপ করা হবে। পুরসভায় যতগুলি জমি দখলের অভিযোগ এসেছে প্রতিক্ষেত্রেই পদক্ষেপ করা হয়েছে। 
গত পুরবোর্ডের ২৭ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলার দীপক সাউ জানিয়েছেন, ২০২১ সালে ১৯ নম্বর জাতীয় সড়কের পাশে একটি জমি কিনেছিলেন। হঠাৎই এই জমিতে এমডি ওমর নির্মাণ কাজ শুরু করেন। কোর্ট এই কাজের উপর জানুয়ারি ২০২৫ পর্যন্ত স্টে অর্ডার দেয়। তারই মাঝে জমি মাফিয়া রঞ্জিত সিং গায়ের জোরে পুনরায় নির্মাণ শুরু করেন। স্ত্রী ও আমি গিয়ে কাজ বন্ধ করার চেষ্টা করলে মারধর করা হয়। অন্যদিকে রঞ্জিত সিং সংবাদমাধ্যমের একাংশকে জানিয়েছেন, প্রাক্তন কাউন্সিলার এখানকার সব জমিকেই নিজের জমি বলে কোর্টে মামলা করে টাকা দাবি করেন। বিষয়টি পুলিসের নজরে এলে তারা কাজ বন্ধ করিয়ে অশান্তি নিরসন করে। 
এসিপি বিশ্বজিৎ নস্কর বলেন, পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। কংগ্রেস রাজ্য সম্পাদক প্রসেনজিৎ পুইতুণ্ডি বলেন, পুলিস ও প্রশাসনের নিষ্ক্রিয়তায় এখন আর কারও জমিই নিরাপদ নয়। আমাদেরও এক কংগ্রেস নেতার জমি দখলের চেষ্টা হয়েছিল। আমরা তা আটকেছি।  
সম্পর্কিত সংবাদ