Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

প্রাক্তন বাম বিধায়কের অ্যাকাউন্ট থেকে গায়েব করা হল দু’লক্ষ টাকা

প্রাক্তন বাম বিধায়কের অ্যাকাউন্ট থেকে গায়েব করা হল দু’লক্ষ টাকা
  • ৮ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, কাটোয়া: কাটোয়া মহকুমার প্রাক্তন বিধায়কের অ্যাকাউন্ট থেকে গায়েব দু’ লক্ষ ৭০ হাজার টাকা। মোবাইল ছিনতাইয়ের কয়েকদিনের মধ্যেই এই ঘটনা ঘটেছে। তিনি থানায় লিখিত অভিযোগ জানানোর পরে পুলিস তদন্ত শুরু করেছে। কাটোয়ার এসডিপিও কাশীনাথ মিস্ত্রি বলেন, ফোন হারিয়ে গেলে সবার আগে সিমকার্ড লক করা উচিত। তা না হলে টাকা গায়েব হতে পারে। আমরা তদন্ত শুরু করেছি। বর্তমানে চুরি যাওয়া বেশিরভাগ মোবাইল ফোন চলে যাচ্ছে সাইবার গাংয়ের হাতে। হারিয়ে যাওয়া ফোনের মাধ্যমে ওটিপি জেনে তারা  ব্যাঙ্কে রাখা টাকা তুলে নিচ্ছে। 
Advertisement
এখন সাইবার গ্যাং নানা উপায়ে টাকা হাতিয়ে নিচ্ছে। প্রথমে ব্যাঙ্ক কর্মীর পরিচয় দিয়ে ফোন করে ওটিপি জেনে টাকা হাতিয়ে নিত জামতাড়া গ্যাং। মানুষ আগের চেয়ে সচেতন হয়েছে, তাই প্রতারকরা বদলেছে কৌশল। এখন স্টেশন, বাসস্ট্যান্ড এলাকা থেকে মোবাইল ছিনিয়ে নিয়ে পালিয়ে যাচ্ছে দুষ্কৃতীরা। এরপর বিভিন্ন অ্যাপের মাধ্যমে চুরি যাওয়া মোবাইলে আসা ওটিপি জেনে টাকা হাতিয়ে নিচ্ছে।
কাটোয়া মহকুমার প্রাক্তন এক বাম বিধায়ক গত ২২ নভেম্বর বর্ধমান স্টেশন থেকে ট্রেন ধরতে যান। ফুটব্রিজ থেকে স্টেশনের প্ল্যাটফর্মে নামার সময় তাঁর বুক পকেট থাকা মোবাইল ছিনিয়ে নিয়ে পালায় এক দুষ্কৃতী। তারপর তিনি ২৩ নভেম্বর বর্ধমান জিআরপিতে মোবাইল খোয়া যাওয়ার লিখিত অভিযোগ জানান। ওই মোবাইলে দু’টি কোম্পানির সিমকার্ড ছিল। তারমধ্যে একটি নম্বর তাঁর ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে যুক্ত ছিল। ওই বিধায়ক বলেন, ২ ডিসেম্বর পর্যন্ত তাঁর অ্যাকাউন্ট থেকে দু’ লক্ষ ৬৯ হাজার ৪০০ টাকা তুলে নেওয়া হয়েছে। তারপরেই তিনি থানার দ্বারস্থ হন। 
প্রসঙ্গত, পুলিস সূত্রে জানা গিয়েছে, এমন কৌশলে টাকা হাতানোর ঘটনা এখন রাজ্য জুড়ে ঘটছে। অক্টোবর মাসে কলকাতার কেষ্টপুর থানায় এক বাসিন্দার মোবাইল হারানোর পরই ৪২ হাজার টাকা তাঁর অ্যাকাউন্ট থেকে গায়েব হয়ে যায়। এমনকী, পুরুলিয়া জেলার মানবাজার থানা এলাকায় এক অধ্যাপকের মোবাইল হারিয়ে যাওয়ার পরে তাঁর অ্যাকাউন্ট থেকে ৪ লক্ষ ২২ হাজার টাকা কয়েক দফায় তুলে নেওয়া হয়। 
কাটোয়া থানার এক সাইবার বিশেষজ্ঞ পুলিস অফিসার বলেন, মোবাইল হারিয়ে গেলে সঙ্গে সঙ্গে সিমকার্ড লক করতে হবে। তা না হলে এরকম ঘটনা ঘটতেই পারে। অ্যাপের মাধ্যমে টাকা অন্য অ্যাকাউন্টে পাঠাতে গেলে ওই মোবাইল নম্বরে একটা ওটিপি আসে। আর সেটা পেয়ে গেলেই হ্যাকাররা সঙ্গে সঙ্গে আপনার ব্যাঙ্ক থেকে সব টাকা তুলে নেবে। 
সম্পর্কিত সংবাদ