Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

পরিকাঠামো উন্নয়ন, কর্মসংস্থানেও জোর দিচ্ছে উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তর

পরিকাঠামো উন্নয়ন, কর্মসংস্থানেও জোর দিচ্ছে উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তর
  • ২০ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, শিলিগুড়ি: পরিকাঠামো উন্নয়নের পাশাপাশি কর্মসংস্থানের উপর জোর দিতে উদ্যোগ নিচ্ছে উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তর। মানবসম্পদ উন্নয়ন দপ্তর সহ রাজ্য সরকারের একাধিক দপ্তরকে সঙ্গে নিয়ে এই উদ্যোগ নেওয়া হচ্ছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে উত্তরবঙ্গের বিভিন্ন জেলার যুব সমাজকে কর্মসংস্থানের সুযোগ করে দিতেই এই নতুন উদ্যোগ নেওয়া হচ্ছে বলে বৃহস্পতিবার জানিয়েছেন উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী উদয়ন গুহ। 
Advertisement
এই নতুন উদ্যোগের জন্য প্রায় ৪০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। জানুয়ারি থেকেই এই নতুন প্রকল্পের প্রাথমিক পর্যায়ের কাজ শুরু হবে। খাদ্য প্রক্রিয়াকরণ, উত্তরের বিভিন্ন সম্পদ কাজে লাগিয়ে হস্তশিল্পজাত সামগ্রী তৈরি করা থেকে শুরু করে পর্যটন ব্যবসার একাধিক দিক খুলে দিয়ে যুবক-যুবতীদের অর্থ উপার্জনের রাস্তা খুলে দেওয়া হবে। বিভিন্ন জেলা প্রশাসনের থেকে বাছাই করা যুবক-যুবতীদের এই সুযোগ দেওয়া হবে।
মন্ত্রী বলেন, আমরা রাজ্য সরকারের একাধিক দপ্তরকে কাজে লাগিয়ে এই নতুন কর্মসংস্থানের উদ্যোগ শুরু করছি। আগামী দিনে এই নতুন প্রশিক্ষণ ব্যবস্থা যুব সমাজকে অর্থ উপার্জনের নয়া দিশা দেখাবে। চলতি ২০২৪-২৫ আর্থিক বছরে উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তর মোট ৬৯৫টি প্রকল্প হাতে নিয়েছে। বিভিন্ন এলাকায় রাস্তাঘাট সংস্কার থেকে শুরু করে সেতু নির্মাণ, সোলার লাইট স্থাপন, নালা সংস্কার ও নির্মাণের কাজ এই প্রকল্পগুলিতে রয়েছে। এই সমস্ত প্রকল্পের মধ্যে ৫৫০টি প্রকল্পের কাজ শেষ হয়েছে বা প্রায় শেষের মুখে রয়েছে। বাকি ১৪৫টি প্রকল্পের কাজ জানুয়ারিতেই শুরু হবে। 
দপ্তর সূত্রে জানা গিয়েছে, যেসমস্ত এজেন্সিকে এই কাজ দেওয়া হচ্ছে তাদের থেকে প্রাথমিকভাবে পাঁচ বছরের জন্য চুক্তি করা হচ্ছে। সেখানে বলা হয়েছে কাজ করার পর ছোট বড় সংস্কার থেকে শুরু করে মেরামতির সমস্ত কাজ তাদের করে দিতে হবে। সেই অনুযায়ী তাদের থেকে মোটা অঙ্কের টাকা রেখে দেওয়া হচ্ছে। যদি কোনওভাবে কোনও এজেন্সি চুক্তি ভঙ্গ করে তবে তাদের সেই টাকা কেটে দেওয়া হবে। এভাবেই চুক্তিভঙ্গের জন্য একটা এজেন্সিকে ব্ল্যাকলিস্ট করা হয়েছে বলেও মন্ত্রী জানিয়েছেন।
সম্পর্কিত সংবাদ