Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

পরিকাঠামো ও কর্মীর অভাবে ধুঁকে পড়ছে রঘুনাথগঞ্জের প্রাণী হাসপাতাল

পরিকাঠামো ও কর্মীর অভাবে ধুঁকে পড়ছে রঘুনাথগঞ্জের প্রাণী হাসপাতাল
  • ২০ নভেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, জঙ্গিপুর: রঘুনাথগঞ্জের ম্যাকেঞ্জি পার্ক রোড ছেড়ে পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের পাশ দিয়ে একটুখানি এগিয়ে গেলেই ‘স্টেট অ্যানিমাল হেল্থ সেন্টার’। প্রায় ভূতুড়ে একটি বাড়িতে চলে গবাদিপশু ও পোষ্যদের চিকিৎসা। অধিকাংশই ছাগল, কুকুর ও বাছুর। তবে শুধুমাত্র প্রাথমিক চিকিৎসাটুকুই মেলে। সমস্যা জটিল হলে পাঠাতে হয় বহরমপুরে। পরিকাঠামো ও কর্মীর অভাব রীতিমতো ধুঁকছে সেন্টারটি। স্থানীয় বাসিন্দারা হাসপাতালটির পরিকাঠামোর উন্নতি ও কর্মী নিয়োগের দাবি জানিয়েছেন।
Advertisement
রঘুনাথগঞ্জ ১ ব্লকের বিডিও সুদীপ্ত অধিকারী বলেন, বিষয়টি অন্য দপ্তরের অধীনে। তবুও এ বিষয়ে আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাব। 
হেল্থ সেন্টারে একজন মহিলা ভেটেরনারি চিকিৎসক ও একজন চতুর্থ শ্রেণির কর্মী রয়েছেন। মাত্র দু’ টাকা দিয়ে টিকিট করলেই পশুর চিকিৎসা করানো যায়। ফার্মাসিস্ট না থাকায় ওষুধ দেন চতুর্থ শ্রেণির কর্মীই। চিকিৎসক নিলোফার ইয়াসমিন বলেন, হাসপাতালে গড়ে প্রতিদিন প্রায় দুশোর বেশি পশুর চিকিৎসা করতে হয়। অধিকাংশই গোরু ছাগল। তবে কিছু কিছু কুকুর, বিড়াল,  হাস, মুরগিও আনা হয়। এখানে ভালো পরিকাঠামো নেই। কর্মীরও অভাব রয়েছে। তবে গত প্রায় বছর দেড়েক ধরে ওষুধপথ্যের জোগান ঠিকঠাক রয়েছে। সে সব ওষুধ বিনামূল্যেই আমরা দিয়ে থাকি। তবে পরিকাঠামোর অভাবে ‘ওটি’ করা সম্ভব হয় না। ‘ওটি’-র প্রয়োজন থাকলে প্রাণীকে বহরমপুরে রেফার করতে হয়। ফার্মাসিস্ট না থাকায় চতুর্থ শ্রেণির কর্মীকেই প্রশিক্ষণ দিয়ে কাজ চালাতে হচ্ছে।
রঘুনাথগঞ্জের কানুপুরের কালু শেখ বলেন, আমার ১৫টি ছাগল রয়েছে। দু’টি বাচ্চার ঠান্ডা লেগেছে। বড়টা কিছু খাচ্ছে না শুধু বসে থাকছে। ছাগলের লক্ষণ বলে ওষুধ নিলাম, না সারলে দু’ সপ্তাহ পর নিয়ে আসতে বলেছেন। রঘুনাথগঞ্জের প্রবীর রায় বাইকে চাপিয়ে বিদেশি কুকুর নিয়ে এসেছেন। তিনি বলেন, কুকুরটি কেমন ঝিমিয়ে পড়েছে। তাই দেখাতে নিয়ে এসেছিলাম। হাসপাতালে পরিষেবা আরও ভালো হওয়া উচিত। 
ভেটেরনারি অফিসার আরও বলেন, শুনেছি হাসপাতালের জন্য জঙ্গিপুর আতিথ্য ভবনের পাশে জমি নির্বাচন করা হয়েছে। সেখানেই আধুনিক পশু হাসপাতাল হবে। পলিক্লিনিক হাসপাতাল গড়ে উঠলে পশুর জটিল চিকিৎসাও করা যাবে। 
সম্পর্কিত সংবাদ