Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

পরীক্ষা সমূহের নিয়ামকের অবসর আজ, অচলাবস্থার মুখে এনবিইউ

পরীক্ষা সমূহের নিয়ামকের অবসর আজ, অচলাবস্থার মুখে এনবিইউ
  • ৩১ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, শিলিগুড়ি: ফের অচলাবস্থার মুখে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়।
Advertisement
আজ, মঙ্গলবার বছরের শেষ দিনে এনবিইউ-এর পরীক্ষা সমূহের নিয়ামক অবসর নিতে চলেছেন। দীর্ঘদিন ধরে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যই নেই। মাঝে কিছুদিনের জন্য অস্থায়ী উপাচার্যরা দায়িত্ব সামলেছিলেন। কিন্তু স্থায়ী উপাচার্যের অভাবে বিশ্ববিদ্যালয়ের একাধিক কাজ অসমাপ্ত থেকে গিয়েছে। এই পরিস্থিতিতে নতুন পরীক্ষা সমূহের নিয়ামক নিয়োগ না করলে আগামীতে কীভাবে পরীক্ষা সম্পন্ন হবে, তা নিয়ে সংশয় তৈরি হয়েছে। এই আশঙ্কা তৈরি হয়েছে বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াদের মনেও। এই সঙ্কটজনক পরিস্থিতিতে উপাচার্য নিয়োগের প্রক্রিয়া ঢিমেতালে হওয়ায় ক্ষুব্ধ স্থায়ী, অস্থায়ী কর্মী, অধ্যাপকদের একাংশ। এভাবে চলতে থাকলে আগামীতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষাব্যবস্থা পুরোপুরিভাবে ভেঙে পড়ার আশঙ্কায় শিক্ষামহলের একাংশ। উত্তরের গর্ব- এই শিক্ষা প্রতিষ্ঠানের সুনাম ভূলুণ্ঠিত হওয়ার সম্ভাবনাও দেখছেন অনেকে। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সভাপতি সমরকুমার বিশ্বাস বলেন, যা চলছে তা কোনওভাবেই মেনে নেওয়া যায় না। প্রশাসন যখন আইন না মেনে ইচ্ছেমাফিক কাজ করে, তখন এমনই পরিস্থিতির উদয় হয়।
এই ব্যাপারে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার স্বপন রক্ষিত বলেন, ৩১ডিসেম্বর বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা সমূহের নিয়ামক অবসর নেবেন। এই প্রসঙ্গে উচ্চশিক্ষা দপ্তরের সঙ্গে কথা হয়েছে। কাউকে দায়িত্ব নিশ্চয়ই দেওয়া হবে। আমরা বিষয়টি দেখছি।
স্থায়ী ও অস্থায়ী কর্মীদের একাংশের দাবি, দিনের পর দিন অস্থায়ী উপাচার্যকে দিয়ে বিশ্ববিদ্যালয় চালানোর কারণে একাধিক সমস্যা সামনে আসছে। যা পড়ুয়াদের জন্য মোটেও সুখকর নয়। বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গিয়েছে, ২০১৭ সালের পর থেকে সমাবর্তন হয়নি। যার ফলে যে সকল পড়ুয়া নিজের গবেষণাপত্র জমা দিয়েছেন, তাদের কেউ এখনও পর্যন্ত ডক্টরেট উপাধি পাননি। খুব স্বাভাবিকভাবেই বিষয়টি নিয়ে চিন্তিত সকলে। কর্মচারী সমিতি থেকে শুরু করে অধ্যাপকদের সংগঠনের দাবি, যেকোনও উপায়ে দ্রুত সুপ্রিম কোর্টের নির্দেশিকা মেনে অন্ততপক্ষে উপাচার্য নিয়োগ করতে হবে।  তাহলেই রেজিস্ট্রার, ইন্সপেক্টর অফ কলেজেস, ফিন্যান্স অফিসার নিয়োগ করা সহজভাবে হবে। না হলে আগামীতে সমস্যা আরও বাড়বে। এর আগেও রেজিস্ট্রার, ফিন্যান্স অফিসারের জন্য নিয়োগের নির্দেশিকা বার হওয়ার পরেও স্থায়ী উপাচার্যের অভাবে নিয়োগ সম্ভব হয়নি। এই সকল সমস্যার মাঝে পরীক্ষা সমূহের নিয়ামকের অবসর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে আরও বড় চ্যালেঞ্জের মুখে ফেলতে চলেছে বলে দাবি ওয়াকিবহাল মহলের। 
সম্পর্কিত সংবাদ