সংবাদদাতা, রায়গঞ্জ: পয়লা জানুয়ারি থেকে টোটো চলাচলে একাধিক নতুন নিয়ম চালুর কথা রায়গঞ্জ পুরসভা ঘোষণা করলেও তা কার্যকর হল না। নতুন বছরের দ্বিতীয় দিনেও টোটো নিয়ে কোনও নিয়মকানুন চোখে পড়ল না রায়গঞ্জ শহরে। এত ঢাকঢোল পেটানোর পরও জানুয়ারির প্রথম দিন থেকে কেন পুরসভা নতুন নিয়ম লাগু করতে পারল না? পুরসভার তরফ থেকে জানা গিয়েছে, শহরের সব টোটোর এখনও রেজিস্ট্রেশন শেষ হয়নি। অনেক টোটোর মালিকানা সংক্রান্ত সমস্যা রয়েছে। বেশকিছু টোটো চালক রেজিস্ট্রেশনই করেননি। এমনকী নীল ও সবুজ রং করেননি তাঁরা। এই কাজগুলি বাকি থাকায় সমস্যা তৈরি হয়েছে নতুন নিয়ম চালু করার ক্ষেত্রে। রায়গঞ্জের পুরপ্রশাসক সন্দীপ বিশ্বাস বলেন, অনেক টোটো চালক ঠিকমতো রেজিস্ট্রশন করেননি। রেজিস্ট্রেশন ফিও দেননি। আমরা মাইকিং শুরু করব, টোটো চালকরা যাতে বাকি কাজ দ্রুত সম্পন্ন করেন।
Advertisement
শহরের যানজট নিরসনে টোটো চলাচলে কবে থেকে চালু হবে নতুন নিয়ম? পুরপ্রশাসনের কথায়, সমস্ত কাজ শেষ করে আগামী ১৫ জানুয়ারির মধ্যে নতুন নিয়ম চালু করব আমরা। ৩০ ডিসেম্বর পর্যন্ত শহরের টোটো চালকদের ১ হাজার ৪৬২ টি ফর্ম বিলি করেছে পুরসভা। যারমধ্যে ১ হাজার ২৯১ টি ফর্ম জমা পড়েছে পুরসভায়। পুরসভা এখনও রেজিস্ট্রেশন না দেওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন টোটো চালকরা। টোটো চালকরা জানান, রায়গঞ্জ স্টেশন চত্বরে শহরের ৩০ টি টোটো রয়েছে। পুরসভায় সব কাগজপত্র দেওয়া হলেও পুরসভা টেম্পোরারি আইডেন্টিফিকেশন নম্বর (টিন) এখনও দেয়নি। তবে পুরসভার এই নতুন নিয়মকে স্বাগত জানিয়েছেন টোটো চালকরা। শহরের টোটো শহরে চললে যানজট যেমন কমবে তেমনি দুর্ঘটনাও কমবে বলে তাঁদের ধারণা। টোটো চালক বিশু মাহাত জানান, আমি এখনও টিন পায়নি। পুরসভায় সব কাগজ জমা করেছি।



