Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

পরকীয়ার প্রতিবাদ করায় রানিতলায় স্ত্রীকে খুনের চেষ্টা

পরকীয়ার প্রতিবাদ করায় রানিতলায় স্ত্রীকে খুনের চেষ্টা
  • ৬ নভেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, লালবাগ: স্বামী অন্য মহিলার সঙ্গে বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়িয়ে পড়েছিল। বাধা হয়ে দাঁড়িয়েছিলেন স্ত্রী। পথের কাঁটা সরিয়ে দিতে  স্ত্রীকে শ্বাসরোধ করে প্রাণে মারার চেষ্টা করে স্বামী। যদিও ওই গৃহবধূর চিৎকারে প্রতিবেশীরা চলে আসায় তিনি প্রাণে বেঁচে যান। স্থানীয় বাসিন্দারাই তাঁকে উদ্ধার করে প্রথমে কানাপুকুর গ্রামীণ হাসপাতালে ভর্তি করেন। তাঁর শারীরিক অবস্থার অবনতি হলে লালবাগ মহকুমা হাসপাতালে রেফার করা হয়। সোমবার রাতে এই ঘটনায় চাঞ্চল্য ছড়ায় রানিতলা থানার বিডিও পাড়ায়।  ভগবানগোলার এসডিপিও উত্তম গরাই বলেন, অভিযোগ হয়েছে। তদন্ত করে দেখা হচ্ছে। 
Advertisement
আক্রান্ত গৃহবধূর পরিবার ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ন’বছর আগে রানিতলা থানার বিডিওপাড়ার বাসিন্দা সেলিম শেখের সঙ্গে ভগবানগোলা থানার মেলাসিঁড়ি এলাকার বাসিন্দা রেশমা খাতুনের বিয়ে হয়। দম্পতির তিনটি সন্তান রয়েছে। অভিযোগ, বছর খানেক আগে সেলিম শেখ গ্রামের এক মহিলার সঙ্গে বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়িয়ে পড়ে। বিষয়টি জানার পরেই দম্পতির মধ্যে কলহ শুরু হয়। সোমবার গভীর রাতে সেলিম বাড়ি ফেরে। তারপরই বিবাহ বহির্ভূত সম্পর্কের প্রতিবাদ করেন রেশমা খাতুন। তাতেই ক্ষিপ্ত হয়ে সেলিম স্ত্রীকে মারধর শুরু করে। গ্যাস ওভেনের কাছে নিয়ে গিয়ে গায়ে আগুন দেওয়ার চেষ্টা করা হয়। কিন্তু ওই গৃহবধূ কোনওপ্রকারে ছুটে গিয়ে শাশুড়ির ঘরে ঢুকে পড়েন। সেখানে গিয়েও সেলিম স্ত্রীর গলায় ফাঁস দিয়ে শ্বাসরোধ করে মেরে ফেলার চেষ্টা করে বলে অভিযোগ। 
প্রতিবেশী কিসমত শেখ বলেন, এলাকার মানুষ ছুটে না গেলে একটা প্রাণ চলে যেত। লালবাগ মহকুমা হাসপাতালের বিছানায় শুয়ে রেশমা খাতুন বলেন, আমাকে প্রায়ই বাপের বাড়ি চলে যাওয়ার জন্য মারধর করত। ওইদিন অনেক রাত করে বাড়ি ফেরার কথা জানতে চাইলে অত্যাচার চরমে ওঠে। গৃহবধূর মা পারভিন সুলতানা বলেন, প্রতিবেশীরা ছুটে না গেলে মেয়েকে মেরেই ফেলত। মেয়ের উপর অত্যাচারে শ্বশুর, শাশুড়ি সহ পরিবারের অন্যান্যরা সেলিমকে মদত দিত। সকলের শাস্তির দাবি জানাচ্ছি। 
সম্পর্কিত সংবাদ