সংবাদদাতা, বিষ্ণুপুর: পরকীয়ার কাঁটা সরাতে স্বামীকে খুনের দায়ে স্ত্রী ও তার প্রেমিককে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দিল বিষ্ণুপুর মহকুমা আদালত। দোষী সাব্যস্ত তোতন দুলে ওরফে মামনি এবং সঞ্জয় ঘোষকে এই সাজা দেওয়া হয়। তাদের বাড়ি ইন্দাসের ত্রিশালন গ্রামে। বৃহস্পতিবার আদালতের অতিরিক্ত জেলা দায়রা বিচারক অনুরুদ্ধ মাইতি সাজা ঘোষণা করেন। পাশাপাশি তাদের ৫০হাজার টাকা করে জরিমানা করা হয়েছে। সরকার পক্ষের আইনজীবী গুরুপদ ভট্টাচার্য বলেন, ২০২১ সালের ১ মে ইন্দাসের আকুই-১ গ্রাম পঞ্চায়েতের ত্রিশালন গ্রামের নিমাই দুলেকে শ্বাসরোধ করে খুন করা হয়। পরের দিন পুলিস বাড়ি থেকে তাঁর দেহ উদ্ধার করে। ঘটনায় মৃতের ছেলে তৎকালীন নবম শ্রেণির পড়ুয়া ইন্দাস থানায় অভিযোগ দায়ের করে। পুলিস মৃতের স্ত্রী মামনি এবং প্রতিবেশী যুবক সঞ্জয়কে গ্রেপ্তার করে। দু’জনের মধ্যে অবৈধ সম্পর্ক ছিল। এনিয়ে নিমাইবাবু এবং তাঁর স্ত্রীর মধ্যে প্রায় ঝগড়া হতো। তিনি বাধা দিলেও পরকীয়ায় ছেদ পড়েনি। বরং পরকীয়ার কাঁটা সরাতে দু’জনে মিলে নিমাইবাবুকে খুনের পরিকল্পনা করে। সেই মতো ১মে রাতে মামনি এবং সঞ্জয় প্রথমে নিমাইবাবুকে মদ খাওয়ায়। পরে রাত বাড়লে মামনি তার স্বামীর পা দু’টো টিপে ধরে এবং সঞ্জয় নিমাইবাবুর গলা টিপে শ্বাসরোধ করে খুন করে। ওই সময় বাড়িতেই ছিল নিমাইবাবুর ছেলে। সে ঘটনাটি দেখে ফেলে। দোষীরা আত্মহত্যার তত্ত্ব খাড়া করার চেষ্টা করলেও মৃতের ছেলেই গোটা ঘটনাটি ফাঁস করে দেয়। তার বাবার মৃত্যুর ঘটনা জানতে পেরে সে প্রতিবেশীদের খবর দিয়ে দেয়। খবর পেয়েই ভোরের দিকে পুলিস আসে। মামনি ও সঞ্জয়কে পুলিস আটক করে। পরে মৃতের ছেলের অভিযোগের ভিত্তিতে তাদের গ্রেপ্তার করে। এতদিন বিষ্ণুপুর মহকুমা আদালতে ওই মামলা চলছিল।



