Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / খেলা

প্রিয়াংশের সেঞ্চুরি, জয়ী পাঞ্জাব

প্রিয়াংশের সেঞ্চুরি, জয়ী পাঞ্জাব
  • ৯ এপ্রিল, ২০২৫ ০৪:০৪
Prefer us on Google

মুল্লানপুর: শনির দশা কিছুতেই কাটছে না চেন্নাই সুপার কিংসের। আইপিএলে টানা চার ম্যাচ হেরে টেবিলে নবম স্থানে ধুঁকছেন ধোনিরা। মঙ্গলবার সিএসকে’কে ১৮ রানে বশ মানিয়েছে পাঞ্জাব কিংস। টস জিতে প্রথমে ব্যাট করে শ্রেয়স-ব্রিগেডের সংগ্রহ ৬ উইকেটে ২১৯। জবাবে ৫ উইকেটে ২০১ রানে থামে চেন্নাই। দুরন্ত শতরানে ম্যাচের নায়ক প্রিয়াংশ আর্য। পাঞ্জাবের তরুণ ব্যাটারের ৪২ বলে ১০৩ রানের ইনিংস সাজানো ছিল ৭টি চার ও ৯টি ছক্কায়।

Advertisement

২০২৪ সালে দিল্লি প্রিমিয়ার লিগে ৪০ বলে শতরান করে প্রচারের আলো কেড়েছিলেন প্রিয়াংশ। এবার মেগা নিলামে ৩.৮ কোটি টাকায় তাঁকে নেয় পাঞ্জাব কিংস। ম্যানেজমেন্টের আস্থার মর্যাদা দিতেও ভুল হল না বাঁহাতি ওপেনারের। এদিন একটা সময় পাঞ্জাবের স্কোর ছিল ৫ উইকেটে ৮৩। প্রভসিমরণ (০), শ্রেয়স (৯), স্টোইনিসরা (৪) চূড়ান্ত ব্যর্থ। তবে ৩৯ বলে শতরান হাঁকিয়ে খাদের কিনারা থেকে দলকে টেনে তোলেন প্রিয়াংশ। আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক না হওয়া ক্রিকেটারদের মধ্যে এটাই আইপিএলে দ্রুততম সেঞ্চুরি। শেষদিকে শশাঙ্ক সিং (অপরাজিত ৫২) ও মার্কো জানসেনের (অপরাজিত ৩৪) ব্যাটে দু’শো টপকায় পাঞ্জাব।
জবাবে চেন্নাইয়ের ওপেনিং জুটিতে ওঠে ৬৯ রান। রাচীনকে (৩৬) ফেরান ম্যাক্সওয়েল। তিনে নামা ঋতুরাজ (১) চূড়ান্ত ব্যর্থ। তবে তৃতীয় উইকেটে ৮৯ রান যোগ করে জয়ের আশা জিইয়ে রেখেছিলেন কনওয়ে-শিবম জুটি। দুবে (৪২) আউট হওয়ার পরও আশঙ্কার মেঘ কাটেনি পাঞ্জাবের। কারণ, এরপর ক্রিজে আসেন ফিনিশার ধোনি। ১২ বলে ২৭ রানের ইনিংসে প্রতিপক্ষ শিবিরে ভয়ও ধরিয়েছিলেন মাহি। শেষ ওভারে চেন্নাইয়ের প্রয়োজন ছিল ২৮ রান। কিন্তু যশের প্রথম বলে ধোনি আউট হতেই জয় নিশ্চিত হয়ে যায় পাঞ্জাবের।

Advertisement
সম্পর্কিত সংবাদ