সংবাদদাতা, উলুবেড়িয়া ও তারকেশ্বর: ক্রীড়াক্ষেত্রে কৃতিত্ব দুই কিশোরীর। তামিলনাড়ুর কন্যাকুমারীতে অনুষ্ঠিত ন্যাশনাল যোগা অলিম্পিয়াডে দু’টি সোনার পদক পেল শ্যামপুরের নাওদা নয়নচন্দ্র বিদ্যাপীঠের দশম শ্রেণির ছাত্রী প্রিয়াঞ্জনা জানা। অন্যদিকে, রাজ্য অ্যাথলেটিকে তিনটি বিভাগে প্রথম হল তারকেশ্বরের সুমনা।
প্রিয়াঞ্জনা অনূর্ধ্ব ১৭ বিভাগে পদক পেয়েছে। প্রতিযোগিতায় ট্র্যাডিশনাল বিভাগ ছাড়াও যোগা পোস্টার বিভাগে সোনার পদক পেয়েছে প্রিয়াঞ্জনা। পাশাপাশি এই বিভাগে পশ্চিমবঙ্গ দলগতভাবে তৃতীয় স্থান অর্জন করে ব্রোঞ্জ পদক পেয়েছে। প্রসঙ্গত, ১৫ জুন থেকে ১৮ জুন পর্যন্ত স্কুলভিত্তিক এই যোগা অলিম্পিয়াড প্রতিযোগিতা হয়েছে। মঙ্গলবার প্রিয়াঞ্জনা প্রতিযোগিতায় অংশ নেওয়ার পর বুধবার ফল প্রকাশ হয়। প্রতিযোগিতায় রাজ্য থেকে পুরুষ ও মহিলা দুটি বিভাগেই প্রতিযোগীরা অংশ নিয়েছিল।
অনূর্ধ্ব ১৭ মহিলা ট্র্যাডিশনাল যোগা বিভাগে রাজ্য থেকে চারজন মহিলা অংশ নিয়েছিল। যার মধ্যে হাওড়া জেলা থেকে ছিল প্রিয়াঞ্জনা। পশ্চিম মেদিনীপুর থেকে একজন এবং নদীয়া থেকে দু’জন এই দলে ছিল। গত বুধবার তারা কন্যাকুমারীর উদ্দেশে রওনা দিয়েছিল। প্রিয়াঞ্জনার সাফল্যে খুশি মা বুল্টি জানা এবং বাবা প্রিয়তম জানা।
এদিকে, ওয়েস্ট বেঙ্গল ওপেন স্টেট মিট অ্যাথলেটিক কম্পিটিশনে তিনটি বিভাগে প্রথম স্থান পেয়ে সোনা জয় সহ নতুন রেকর্ড গড়ল তারকেশ্বর সুমনা হাঁসদা। তারকেশ্বর ব্লকের পূর্ব রামনগর পঞ্চায়েতের বাসিন্দা সুমনা সপ্তম শ্রেণির ছাত্রী। মা,বাবা ও দাদাকে নিয়ে চারজনের সংসার সুমনাদের। বাবা দিনমজুর।
১৪ ও ১৫ জুন কলকাতায় অনুষ্ঠিত হয়েছে ওয়েস্ট বেঙ্গল ওপেন স্টেট মিট। প্রতিযোগিতায় অনূর্ধ্ব ১৪ বিভাগে সুমনা অংশগ্রহণ করে। ৬০ মিটার, ৬০০ মিটার দৌড় ও লং জাম্পে সে প্রথম হয়। ২০ হাজার ৫১৬ পয়েন্ট পেয়ে নতুন রেকর্ড তৈরি করেছে সুমনা। আগের ২০ হাজার ৩৪৮ পয়েন্টের থেকে বেশি পেয়ে তার এই রেকর্ড। সুমনা জানান, তারকেশ্বর উচ্চ বিদ্যালয় মাঠে অনুশীলন করি। আমার কোচ রাজদীপ কারক। তিনি বলেন, আগামী দিনে ন্যাশনালে অংশগ্রহণ করবে সুমনা। নিজস্ব চিত্র