Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

আরামবাগে সোমবার থেকে বেসরকারি বাস ধর্মঘটের ডাক

সোমবার একদিনের জন্য তাতে শামিল হচ্ছে এক্সপ্রেস বাসগুলিও। ফলে ভোগান্তির আশঙ্কা করছেন যাত্রীরা।

আরামবাগে সোমবার থেকে বেসরকারি বাস ধর্মঘটের ডাক
  • ১৫ জুন, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, আরামবাগ: নিয়ন্ত্রণ নেই অটো, টোটো সহ ট্রেকার চলাচলে। প্রতিবাদে আগামিকাল, সোমবার থেকে অনির্দিষ্টকালের জন্য বেসরকারি বাস ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে আরামবাগ মহকুমা সহ হুগলি জেলাজুড়ে। সোমবার একদিনের জন্য তাতে শামিল হচ্ছে এক্সপ্রেস বাসগুলিও। ফলে ভোগান্তির আশঙ্কা করছেন যাত্রীরা। সংগঠনের তরফে বাসে সাঁটানো হয়েছে লিফলেটও। ফলে সপ্তাহের প্রথম দিনে দুর্ভোগের আশঙ্কা করছেন যাত্রীরা। 

Advertisement

শনিবার এনিয়ে আরামবাগ বাস মিনিবাস অপারেটর্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সম্পাদিকা মধুমিতা ভট্টাচার্য বলেন, দীর্ঘদিন ধরে আরামবাগ মহকুমার বিভিন্ন রুটে অবৈধভাবে অটো, টোটো, ম্যাজিক ভ্যান, ট্রেকার চলাচল করে। তারা সরকারি নিয়ম নীতির তোয়াক্কা করছে না। তারসঙ্গে বাসের রুটে দীর্ঘপথ যাত্রীদের নিয়ে যাচ্ছে ওই যানগুলি। তারফলে বাস মালিকরা চরম আর্থিক সমস্যায় পড়ছেন। জ্বালানির দাম বৃদ্ধি হওয়ায় মুনাফা তো দূর, চলাচলের খরচটুকু পর্যন্ত উঠছে না। তাই প্রশাসনকে আগেভাগে জানিয়ে আমাদের জেলা কমিটি অনির্দিষ্টকালের জন্য বাস ধর্মঘটের সিদ্ধান্ত নিয়েছে। আরামবাগেও সেই সিদ্ধান্তের মান্যতা দেওয়া হবে। 
হুগলি জেলা ইন্টার রিজিয়ন বাস অনার্স অ্যাসোসিয়েশনের সম্পাদক গৌতম ধোলে বলেন, অটো, টোটো নিয়ন্ত্রণের দাবিতে রুট থেকে বাস প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে মিনি বাস সংগঠন। আগামী সোমবার ওই সিদ্ধান্তের সমর্থনে আমরাও এক্সপ্রেস বাস সংগঠন শামিল হচ্ছি। ওইদিন ভিন জেলা থেকে যাতে হুগলি বা আরামবাগ এলাকায় বাসগুলি না ঢোকে তার অনুরোধ জানানো হয়েছে। মঙ্গলবার থেকে আবার এক্সপ্রেস বাস চলবে। বাসকর্মীরা বলেন, অনেক রুটে দেখা যায় টোটো, অটো সহ অন্যান্য যানগুলি বাসের সময়ের কিছু আগে যাত্রী নিয়ে চলে যাচ্ছে। এরফলে আমাদের ব্যবসা মার খাচ্ছে। তারসঙ্গে রাস্তায় চলাচলের সময় অবৈধ টোটো, অটোগুলি পাশ দেয় না। তারফলে দুর্ঘটনার আশঙ্কাও থেকে যাচ্ছে। তাই অবৈধ চলাচলে রাশ টানা প্রয়োজন। বিভিন্ন শাখা রাস্তায় তাদের চলার কথা। সেইজন্যই ধর্মঘটের ডাক।  হুগলির জেলাশাসক মুক্তা আর্য, আরামবাগের মহকুমা শাসক রবি কুমারকে ফোন করা হলে তাঁরা তা ধরেননি। মেসেজ করলেও জবাব পাওয়া যায়নি। আরামবাগ শহর আইএনটিটিইউসির সভাপতি সফিকুল আলম বলেন, বাস বন্ধ হলে যাত্রীরা দুর্ভোগের শিকার হবেন। তাই বাস মালিক সংগঠনের সঙ্গে আলোচনা করে মেটানোর চেষ্টা চলছে। আরামবাগে টোটো, অটো চলাচলে নিয়ন্ত্রণের চেষ্টাও করা হচ্ছে। উল্লেখ্য, আরামবাগ বাসস্ট্যান্ড থেকে নিত্যদিন কয়েকশো বাস বিভিন্ন রুটে যাতায়াত করে। তারসঙ্গে তারকেশ্বর, চুঁচুড়া থেকেও বহু বাস মহকুমায় ঢোকে। আরামবাগ থেকে বাঁকুড়া, বর্ধমান, ঘাটাল, পাঁশকুড়া সহ নানা রুটের এক্সপ্রেস বাসও চলছে নিয়মিত। বিভিন্ন গ্রামীণ এলাকার রুটেও অটো, টোটো, ট্রেকার, ম্যাজিক গাড়ি যাত্রী পরিবহণ করে। তার জেরে বিভিন্ন সময় বাসের সঙ্গে তাদের সংঘাতের অভিযোগের উঠেছে। তাই সমস্যা সমাধানে প্রশাসনকে উদ্যোগী হতে আবেদন জানিয়েছেন যাত্রীরাও। নিজস্ব চিত্র

Advertisement
সম্পর্কিত সংবাদ