Bartaman Logo
৩০ আগস্ট, ২০২৬
বর্তমান / রাজ্য

ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই বাড়ি সহ দোকান, মাথায় হাত ব্যবসায়ীর

ভয়াবহ অগ্নিকাণ্ডে সম্পূর্ণ পুড়ে গেল একটি বাড়ি সহ একটি দোকান। আগুনে সোনার গয়না, নগদ টাকা ও ব্যবসার জন্য রাখা প্রায় ৫০ হাজার টাকার ভুট্টা পুড়ে নষ্ট হয়ে গিয়েছে বলে দাবি পরিবারের।

ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই বাড়ি সহ দোকান, মাথায় হাত ব্যবসায়ীর
  • ৩০ আগস্ট, ২০২৬ ১০:৪৪
Prefer us on Google

সংবাদদাতা, ময়নাগুড়ি: ভয়াবহ অগ্নিকাণ্ডে সম্পূর্ণ পুড়ে গেল একটি বাড়ি  সহ একটি দোকান। আগুনে সোনার গয়না, নগদ টাকা ও ব্যবসার জন্য রাখা প্রায় ৫০ হাজার টাকার ভুট্টা পুড়ে নষ্ট হয়ে গিয়েছে বলে দাবি পরিবারের। শনিবার এই ঘটনাটি ঘটেছে ময়নাগুড়ির দক্ষিণ মাধবডাঙ্গা এলাকায়।

Advertisement

স্থানীয় সূত্রে জানা গিয়েছে দক্ষিণ মাধবডাঙ্গার বাসিন্দা ঋষিকেশ শর্মা জমি বন্দক রেখে ব্যাংক থেকে ঋণ নিয়েছিলেন। বন্দক থাকা সেই জমি ছাড়ানোর উদ্দেশ্যেই তিনি টাকা জমা করছিলেন। কিন্তু ঋণ মেটানোর আগেই আগুনে পুড়ে যায় সেই টাকা ও বাড়ির অন্যান্য সামগ্রী। ঘটনার সময় ঋষিকেশ শর্মা, তার স্ত্রী ও সন্তানরা বাড়িতে ছিলেন না। হঠাৎ বাড়িতে আগুন দেখতে পান স্থানীয়রা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় ময়নাগুড়ি দমকল বিভাগের কর্মীরা। প্রায় এক ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হলেও ততক্ষণে বাড়ি ও দোকানের অধিকাংশ সামগ্রী পুড়ে ছাই হয়ে যায়। দমকল বিভাগের প্রাথমিক অনুমান, শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হতে পারে। তবে এই অনুমান মানতে নারাজ ঋষিকেশ শর্মা। তাঁর দাবি, বাড়ি থেকে বের হওয়ার আগে তাঁর স্ত্রী মাত্র একটি লাইট জ্বালিয়ে গিয়েছিলেন। বাড়ির বৈদ্যুতিক তার ও মিটারও ভালো অবস্থায় ছিল। ফলে কীভাবে আচমকা আগুন লাগল, তা নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন তিনি। ঘটনার প্রকৃত কারণ খুঁজে বের করতে প্রশাসনের হস্তক্ষেপের দাবি জানিয়েছেন ঋষিকেশ।

Advertisement
সম্পর্কিত সংবাদ