নিজস্ব প্রতিনিধি, রায়গঞ্জ: কিছুদিন আগে একাধিক অব্যবস্থার জন্য ন্যাশনাল মেডিক্যাল কমিশনের কোপের মুখে পড়তে হয় রায়গঞ্জ মেডিক্যাল কলেজ হাসপাতালকে। এবার সেই কলেজের অধ্যক্ষের বিরুদ্ধেই অনুপস্থিত থাকা, চূড়ান্ত অবহেলা, সময় না দেওয়ার মতো একাধিক গুরুতর অভিযোগ উঠল। অভিযোগ তুললেন রায়গঞ্জ মেডিক্যালেরই সার্জারি বিভাগের একজন সিনিয়র অ্যাসোসিয়েট প্রফেসর বিদ্যুৎ বিশ্বাস। তাঁর অভিযোগ, অধ্যক্ষ নিজেই অনিয়মিত। সপ্তাহে সর্বাধিক একদিন কলেজে আসেন। ফলে মেডিক্যাল কলেজ সুষ্ঠুভাবে পরিচালিত হবে কীভাবে? পড়ুয়াদের ভবিষ্যৎ নিয়েও কার্যত চলছে ছেলেখেলা। অধ্যক্ষের বিরুদ্ধে একজন প্রবীণ চিকিৎসক সরব হওয়ায় শোরগোল পড়ে গিয়েছে মেডিক্যাল কলেজের অন্দরে। যদিও এসব অভিযোগকে গুরুত্ব দেননি রায়গঞ্জ মেডিক্যালের অধ্যক্ষ স্নেহাংশু পান। তিনি ফোনে জানিয়েছেন, ওই চিকিৎসককেই বলুন মেডিক্যাল কলেজের সবকিছু ঠিক করতে। মেডিক্যালের অন্য চিকিৎসকদের জিজ্ঞেস করুন, কলেজ যথাযথভাবে চলছে কি না। তাহলেই উত্তর পেয়ে যাবেন।



