ঢাকা: ব্রিকস শীর্ষ সম্মেলনে যোগ দিতে ভারতে আসছেন না বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। আগামী ১২ এবং ১৩ সেপ্টেম্বর নয়াদিল্লিতে অনুষ্ঠিত হচ্ছে ১৮তম ব্রিকস শীর্ষ সম্মেলন। ব্রিকসের সদস্য না হওয়া সত্ত্বেও প্রতিবেশী বাংলাদেশকে ‘আউট রিচ’ পর্বে তারেককে আমন্ত্রণ জানায় ভারত। বৃহস্পতিবার বাংলাদেশের বিদেশ প্রতিমন্ত্রী হুমায়ুন কবীর বলেন, প্রধানমন্ত্রী দিল্লি সফরে যাচ্ছেন না। পাশাপাশি কোনো প্রতিনিধিও পাঠানো হচ্ছে না। এর আগে বাংলাদেশ সরকারের তরফে অভিযোগ করা হয়েছিল, প্রধানমন্ত্রীকে যথাযথ আমন্ত্রণ জানানো হয়নি। বাংলাদেশের প্রধানমন্ত্রী বর্তমানে দক্ষিণ এশিয়ার আঞ্চলিক জোট বিমসটেকের চেয়ারম্যান। ব্রিকসে তাঁকে বিমসটেকের চেয়ারম্যান হিসাবে আমন্ত্রণ জানিয়েছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে ব্রিকস শীর্ষ সম্মেলনে যোগ না দিলেও চলতি বছরের মধ্যে দিল্লি সফরে আসতে পারেন তারেক। কেননা তাঁর সফরের সময় গঙ্গার জলবণ্টন চুক্তি নবীকরণে আগ্রহী বাংলাদেশ।



