Bartaman Logo
১০ জুন, ২০২৬

আজ ভাবনগরে প্রধানমন্ত্রী মোদি, রায়চকে জাহাজ কারখানা সহ ৭ লক্ষ কোটির প্রকল্প নিয়ে অনুষ্ঠান

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আজ শনিবার একদিনের ঝটিকা সফরে নিজের রাজ্য গুজরাতে আসছেন। সৌরাষ্ট্র এলাকার ভাবনগর শহরে তাঁর মূল অনুষ্ঠান।

আজ ভাবনগরে প্রধানমন্ত্রী মোদি, রায়চকে জাহাজ কারখানা সহ ৭ লক্ষ কোটির প্রকল্প নিয়ে অনুষ্ঠান
  • ২০ সেপ্টেম্বর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

কৌশিক ঘোষ, ভাবনগর (গুজরাত): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আজ শনিবার একদিনের ঝটিকা সফরে নিজের রাজ্য গুজরাতে আসছেন। সৌরাষ্ট্র এলাকার ভাবনগর শহরে তাঁর মূল অনুষ্ঠান। সেটির আয়োজক কেন্দ্রীয় জাহাজ মন্ত্রক। গুজরাতসহ দেশের বিভিন্ন রাজ্যে মন্ত্রক একগুচ্ছ প্রকল্প গড়েছে বা গড়বে। শহরের জওহর ময়দানের সভা থেকে ওই সমস্ত প্রকল্প এবং অনেকগুলি মউ চুক্তির কথা ঘোষণা করবেন প্রধানমন্ত্রী। 

Advertisement

জাহাজ মন্ত্রক সূত্রে জানা গিয়েছে, ঘোষিত প্রকল্প এবং মউ মিলিয়ে এগুলির আর্থিক মূল্য সাত লক্ষ কোটি টাকার বেশি। যে মউগুলি হচ্ছে তার মধ্যে দক্ষিণ ২৪ পরগনা রায়চকে একটি অত্যাধুনিক ও পবিবেশবান্ধব জাহাজ মেরামতি ও নির্মাণ কারখানা আছে। এর জন্য শ্যামাপ্রসাদ মুখার্জি বন্দর কর্তৃপক্ষ এবং গার্ডেনরিচ শিপ বিল্ডার্সের মধ্যে মউ হয়েছে। একটি জাহাজ কারখানার জন্য বন্দর কর্তৃপক্ষ রায়চকে ৩১.৫ একর জমি দেবে। 
প্রধানমন্ত্রী  আসার আগেই, শুক্রবার সন্ধ্যায় ভাবনগর শহরের একটি হোটেলে মউ সই উপলক্ষ্যে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। মোট ২৫টি মউ স্বাক্ষর হল এখানে। এই অনুষ্ঠানে ছিলেন কেন্দ্রীয় জাহাজ মন্ত্রী সর্বানন্দ সোনোয়াল, কেন্দ্রীয়  ক্রীড়া ও যুবকল্যাণ মন্ত্রী মনসুখভাই মান্ডভিয়া এবং জাহাজ মন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী শান্তনু ঠাকুর। এছাড়া ছিলেন জাহাজ মন্ত্রকের সচিব টি কে রামচন্দ্রন-সহ একাধিক পদস্থ আধিকারিক এবং বিভিন্ন বন্দরের শীর্ষ কর্তারা। শ্যামাপ্রসাদ মুখার্জি পোর্ট কর্তৃপক্ষের চেয়ারম্যান রথেন্দ্র রমণের উপস্থিতিতে রায়চকের প্রকল্পের মউটি হয়। চেয়ারম্যান পরে জানান, ওই কারখানার প্রয়োজনীয় জমি বিনা পয়সায় বন্দর কর্তৃপক্ষ দেবে। কারখানা থেকে যা লাভ হবে তার ৮৫ শতাংশ গার্ডেনরিচ শিপবিল্ডার্স, ১৫ শতাংশ শ্যামাপ্রসাদ মুখার্জি পোর্ট অথরিটি পাবে। প্রকল্পটির জন্য বিশেষ সংস্থা গঠিত হবে। গুজরাট ছাড়াও বিভিন্ন রাজ্যের সঙ্গে এদিন একাধিক মউ সই হয়। ভবনগর শহরের কিছু প্রকল্পেরও উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী।
প্রধানমন্ত্রী আজ সকালে ভবনগর পৌঁছানোর পর বিমানবন্দর থেকে শহরের মধ্যে রোড শো করবেন। তারপর জওহর ময়দানের সভায় ভাষণ দেবেন। ভবনগর শহরে অনুষ্ঠানটির পর প্রধানমন্ত্রী হেলিকপ্টারে যাবেন আমেদাবাদ জেলার লোথালে। প্রায় সাড়ে চার হাজার বছর আগে, সিন্ধুসভ্যতার যুগে লোথালে ভারতের প্রথম বন্দরটি তৈরি হয়েছিল। ওইসময়ে লোথাল বন্দর থেকে জাহাজ পৃথিবীর বিভিন্ন দেশে যেত বলে ঐতিহাসিকরা মনে করেন। এখানে খোঁড়াখুঁড়ি করে তার অনেক প্রত্ননিদর্শন মিলেছে। কয়েকবছর আগে কেন্দ্রীয় সরকার দেশের নৌ পরিবহণের অতীত ঐতিহ্য তুলে ধরতে লোথালে ন্যাশনাল মেরিটাইম হেরিটেজ কমপ্লেক্স তৈরির সিদ্ধান্ত নেয়। ২০১৯ সালে এই প্রকল্পের সূচনা করা হয়। ৪,৫০০ কোটি টাকার এই প্রকল্প শেষ হলে সেখানে একটি বড় পর্যটন কেন্দ্র গড়ে উঠবে। জাহাজ মন্ত্রকের এই প্রকল্প রূপায়ণে জমি ও অর্থ দিয়েছে গুজরাত সরকার। প্রকল্পটির কাজ কতদূর এগোল প্রধানমন্ত্রী সেখানে গিয়ে তার পর্যালোচনা করবেন। লোথালে প্রধানমন্ত্রী থাকবেন প্রায় দেড় ঘণ্টা। 

Advertisement
সম্পর্কিত সংবাদ