নয়াদিল্লি: ব্রিকস শীর্ষ সম্মেলনের পাশাপাশি শনিবার একগুচ্ছ দেশের রাষ্ট্রপ্রধান ও প্রতিনিধিদের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক সারলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সংযুক্ত আরব আমিরশাহির যুবরাজ মহম্মদ বিন জায়েদ আল নাহয়ানের সঙ্গে বৈঠক করেন তিনি। পাশাপাশি মালেশিয়া, ভিয়েতনাম, ইথিওপিয়ার সঙ্গে বৈঠক করেন মোদি।
এদিন যুবরাজ মহম্মদ বিন জায়েদ আল নাহয়ানের সঙ্গে বৈঠকের পর এক্স হ্যান্ডলে প্রধানমন্ত্রী লেখেন, পশ্চিম এশিয়ায় অস্থিতিশীলতার মধ্যে ভারত ও আরব আমিরশাহির দৃঢ় সম্পর্ক ‘স্থিতিশীলতা, সমৃদ্ধি ও শান্তির প্রতীক’। প্রতিরক্ষা, কৃত্রিম বুদ্ধিমত্তা, মহাকাশ গবেষণা, বিরল খনিজ, জ্বালানি ও খাদ্য নিরাপত্তা নিয়ে কথা হয়েছে দু’দেশের। মোদি বলেন, ‘ভারত-আমির শাহির সম্পর্ক গত কয়েকবছরে আমূল বদলে গিয়েছে। আমরা আমাদের উচ্চাকাঙ্ক্ষাকে অন্য উচ্চতায় নিয়ে যেতে চাই।’
এদিনে মালেশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গেও বৈঠক করেন প্রধানমন্ত্রী। বাণিজ্য, বিনিয়োগ, প্রতিরক্ষা, সেমি কনডাকটর, পরিকাঠামো, ডিজিটাল ইকোনমি, জ্বালানি, ফিনটেক সহ একাধিক বিষয়ে কথা হয়েছে তাঁদের। মালেশিয়ার কোটা কিনাবালুতে একটি ভারতীয় দূতাবাস নির্মাণের অনুমতি দিয়েছে দেশটি। ভিয়েতনামের প্রধানমন্ত্রী লে মিন হুংয়ের সঙ্গে মোদির বৈঠকের প্রধান আলোচ্য বিষয় ছিল দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ। ইথিওপিয়ার প্রধানমন্ত্রী আবি আহমেদ আলির সঙ্গেও দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ নিয়ে আলোচনা করেন মোদি।